এশিয়ার সেরা নিয়োগদাতা ব্র্যান্ড পুরস্কার পেল ট্রান্সকম বেভারেজেস

ট্রান্সকম বেভারেজেস লিমিটেড এশিয়ার সেরা এমপ্লয়ার বা নিয়োগদাতা ব্র্যান্ড হিসেবে পুরস্কার লাভ করেছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো দেওয়া হলো এই পুরস্কার। এশিয়ায় সেরা এমপ্লয়ার ব্র্যান্ড হিসেবে উৎকর্ষ লাভকারী কোম্পানিগুলোকেই পুরস্কারটি দেওয়া হয়। এই পুরস্কার পাওয়ার মাপকাঠি হলো কোম্পানি হিসেবে কর্মপরিবেশে অবদান ও উদ্ভাবনের সংস্কৃতি, লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক শক্তি ও মূল্যবোধে জোর দিয়ে এইচআর নীতিমালায় ধারাবাহিক উন্নয়নে বিশ্বাস, সামাজিক এমপ্লয়ার বা নিয়োগদাতা হয়ে ওঠা এবং ভবিষ্যৎ নেতৃত্বের উন্নয়ন।
সিঙ্গাপুরে ১২ আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে ‘এশিয়া বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৫’ শীর্ষক মর্যাদাশীল এই পুরস্কার দেওয়া হয়েছে। ট্রান্সকম বেভারেজেসের ব্যবস্থাপনা পরিচালক জি কিউ চৌধুরী, নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী এবং মানবসম্পদ ও অর্থ মহাব্যবস্থাপক এন কে ভৌমিক কোম্পানির পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। ট্রান্সকম বেভারেজেসের পণ্যসম্ভার হলো পেপসি, সেভেন আপ, মিরিন্ডা, মাউন্টেন ডিউ ও আকুয়াফিনা।
এ বছর আরও পুরস্কার পেয়েছে ফাইজার, হাচিসন টেলিকম ও ডেল, হংকং; টেলকমসেল-ইন্দোনেশিয়া, ডিবিএস ব্যাংক, ম্যারিনা বে স্যান্ডস, প্যানাসনিক এশিয়া প্যাসিফিক, কেলগস, ইউপিএস ও মাস্টারকার্ড, সিঙ্গাপুর, পেপসিকো ও মাইক্রোসফট, থাইল্যান্ড, বেরজায়া করপোরেশন, টেলিকম মালয়েশিয়া, পেট্রোনাস, সেলকম আজিয়াটা ও এয়ার এশিয়া, মালয়েশিয়া, কমার্শিয়াল ব্যাংক অব সিলোন, শ্রীলঙ্কা, ওয়াল-মার্ট ও টেনেকো, চীন, টেলস্ট্রা-অস্ট্রেলিয়া, এইচটিসি, তাইওয়ান এবং এতিসালাত, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিজ্ঞপ্তি।