এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাকার্তায় প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l পিআইডি

দ্বিতীয় এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের এই সম্মেলন আজ বুধবার শুরু হচ্ছে। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি গতকাল সকাল ১০টায় ঢাকা থেকে রওনা দিয়ে স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় জাকার্তার সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া বকর এবং জাকার্তার গভর্নর বাসুকি তাহাইয়া পুর্নম। এ সময় উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন। অভ্যর্থনা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে জাকার্তার হোটেল বরোবুদুরে নিয়ে যাওয়া হয়। ইন্দোনেশিয়া সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। সম্মেলনের এবারের প্রতিপাদ্য—‘বিশ্বশান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে সাউথ সাউথ সহযোগিতা জোরদার করা’। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, চীনের প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রীসহ ২৮টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে যোগ দিচ্ছেন।
প্রধানমন্ত্রী আজ বুধবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। ভাষণে টেকসই উন্নয়ন, নিরাপত্তা ও শান্তির জন্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করবেন তিনি। এ ছাড়া তিনি ২৩ এপ্রিল শীর্ষ সম্মেলনে প্লেনারি সেশন-৪-এ সহসভাপতির দায়িত্ব পালন করবেন।
সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়ানলুং, মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন শিয়ান, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ড. রামি হামদুল্লাহ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বাসসকে জানায়, এশিয়া ও আফ্রিকা মহাদেশের ৬৬টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এ ছাড়া ছয়টি আন্তর্জাতিক সংস্থা—জাতিসংঘ, আসিয়ান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আফ্রিকান ইউনিয়ন, আরব লিগ ও সাউথ সেন্টারের প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দেবেন।
এশিয়ান-আফ্রিকান সম্মেলনের ৬০তম বার্ষিকী উপলক্ষে এই শীর্ষ সম্মেলন হচ্ছে। প্রথম এশিয়ান-আফ্রিকান সম্মেলন ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বানদুং শহরে হয়।