এশিয়া এনার্জিকে বহিষ্কারের দাবি জানাল জাতীয় কমিটি
এশিয়া এনার্জিকে বাংলাদেশ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটি একই সঙ্গে এশিয়া এনার্জি বাংলাদেশের প্রধান গ্যারি লাইকে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছে।
রাজধানীর পল্টনের মুক্তি ভবনে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে জাতীয় কমিটি এসব দাবি জানায়। সংবাদ সম্মেলনে সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন থেকে সরে আসার এবং ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে এশিয়া এনার্জিকে দিনাজপুরের ফুলবাড়ী এলাকায় অবৈধ অনুপ্রবেশকারী এবং দুর্নীতি-সন্ত্রাসের উসকানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়। জাতীয় কমিটি সাত দফা দাবিতে ২২ ডিসেম্বর সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও মিছিল এবং ২৭ ডিসেম্বর ফুলবাড়ীতে মহাসমাবেশের ডাক দিয়েছে। কমিটি যেকোনো মূল্যে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দেয়।
জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন ঝড়-জলোচ্ছ্বাস থেকে বাংলাদেশের রক্ষাবর্ম হিসেবে ভূমিকা পালন করে। অসাধারণ প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকায় এই বনটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ইউনেসকো। কিন্তু রামপাল প্রকল্পের কারণে এই বনের ক্ষতির আশঙ্কা করে ইউনেসকো জানিয়েছে, সুন্দরবনের বিশ্ব ঐতিহ্য বাতিল হতে পারে। এর আগে রামসারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানানো হয়েছে।