এশিয়া এনার্জির লাইসেন্স বাতিল করার উপায় খুঁজছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি উন্নয়নের জন্য এশিয়া এনার্জিকে দেওয়া ‘মাইনিং লাইসেন্স’ বাতিল করার উপায় খুঁজছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, লাইসেন্স বাতিলের প্রক্রিয়া ও পদ্ধতি নির্ধারণের জন্য তাঁদের কাছে থাকা ফাইলপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। লাইসেন্স বাতিল করা হলে কী পরিস্থিতি হতে পারে, তা বোঝার জন্য আইনজীবীদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে। এর ভিত্তিতে ফাইলটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের উদ্দেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, একটি বিষয় অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখা ঠিক নয়। তা ছাড়া সরকারই নিজস্ব ব্যবস্থাপনায় কয়লা তুলবে। এ জন্য প্রয়োজনে ঠিকাদার কোম্পানি নিয়োগ করা হবে। আবিষ্কৃত ক্ষেত্রগুলোর মধ্যে কোনটি থেকে কী পদ্ধতিতে কয়লা তোলা যাবে, তা নির্ধারণ করে শিগগির সরকারের শীর্ষ নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফুলবাড়ী কয়লাখনি প্রায় এক দশক ধরে জাতীয় বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে আছে। ১৯৯৪ সালে খনিটি আবিষ্কার করে অস্ট্রেলীয় কোম্পানি বিএইচপি মিনারেলস। পরে তাদের কাছ থেকে স্বত্ব কিনে নেয় গ্লোবাল কোল ম্যানেজমেন্ট (জিসিএম) নামে একটি কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান এশিয়া এনার্জি।
এই কোম্পানির সূত্র বলেছে, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তারা অনুসন্ধান, মজুত নির্ধারণ, পানি ও পরিবেশ ব্যবস্থাপনা, পুনর্বাসনসহ সংশ্লিষ্ট সব বিষয়ে ২৩০টি সমীক্ষা করেছে। এর ভিত্তিতে সরকারের কাছে খনির উন্নয়ন পরিকল্পনা জমা দিয়েছে ২০০৫ সালের অক্টোবরে। এর পরবর্তী তিন মাসের মধ্যে বিষয়টি সম্পর্কে সরকারের সিদ্ধান্ত জানানোর কথা। কিন্তু এখনো সরকার এশিয়া এনার্জিকে কিছু জানায়নি। এখন সরকার কী পদক্ষেপ নেয়, তা দেখে ব্যবস্থা নেবে তারা।
সরকার দাবি করছে, উপরোক্ত কার্যক্রম পরিচালনার জন্য এশিয়া এনার্জিকে মাইনিং লাইসেন্স দেওয়া হয়। তবে কয়লা উত্তোলনের জন্য কোম্পানিটির সঙ্গে সরকারের কোনো চুক্তি নেই। এশিয়া এনার্জি প্রতিবছর সরকারের কোষাগারে নির্ধারিত ফি জমা দিয়ে ওই লাইসেন্সের নবায়ন অব্যাহত রেখেছে।
সরকারি সূত্রগুলো জানায়, পাশাপাশি এশিয়া এনার্জি বিভিন্ন সময়ে সরকারের নীতিনির্ধারণী বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও আলাপ-আলোচনাও চালিয়ে এসেছে। একপর্যায়ে কোম্পানিটি সরকারকে নতুন প্রস্তাবও দেয়। এতে ৬ শতাংশ রয়্যালটি ছাড়াও ১০ শতাংশ ‘ইক্যুইটি শেয়ার’ প্রদান এবং নিজস্ব বিনিয়োগে খনিমুখে দুই হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা বলা হয়। তবে এ বিষয়ে সরকার কোনো সাড়া দেয়নি।
সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এশিয়া এনার্জি সরকারের সঙ্গে চুক্তি থাকার কথা বললেও তা নিয়ে অনেক প্রশ্ন আছে। প্রথমত, সেই চুক্তি হয়েছে বিদ্যমান আইন লঙ্ঘন করে। ১৯৯৪ সালে বিএনপি সরকার অস্ট্রেলীয় কোম্পানি বিএইচপির সঙ্গে মূল চুক্তিটি করে। তখনকার আইনে ২০ শতাংশ রয়্যালটির বিধান থাকলেও চুক্তিটি করা হয় ৬ শতাংশ রয়্যালটিতে। আইনের এ ব্যত্যয় বহাল রেখেই ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার চুক্তিটি এশিয়া এনার্জির কাছে হস্তান্তরে অনুমোদন দেয়।
দ্বিতীয়ত, ১৯৯৪ সালের ১০ জুলাই বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানির (বিসিএমসিএল) সঙ্গে তৎকালীন বিএনপি সরকার খনি ও খনিজ সম্পদ আইন অনুযায়ী চুক্তি সই করে ২০ শতাংশ রয়্যালটিতে। কিন্তু এর এক মাস ১০ দিন পর বিএইচপির সঙ্গে চুক্তি করে ৬ শতাংশ রয়্যালটিতে, যা আইনের পরিপন্থী।
তৃতীয়ত, ১৯৯০ সালে জ্বালানি মন্ত্রণালয়ের গঠিত ‘খনি ও খনিজ সম্পদ বিধিমালা ১৯৬৮’ হালনাগাদকরণ কমিটি কয়লার রয়্যালটি ভূগর্ভস্থ খনিপদ্ধতির ক্ষেত্রে ৫ ও উন্মুক্ত পদ্ধতির ক্ষেত্রে ৬ শতাংশ নির্ধারণের সুপারিশ করে, যা গেজেট আকারে প্রকাশিত হয় ১৯৯৫ সালের ৩১ ডিসেম্বর। আর বিএইচপির সঙ্গে সরকার ওই চুক্তি করে ১৯৯৪ সালের ২০ আগস্ট। গেজেট প্রকাশের আগে আইন কিংবা বিধির এ ধরনের সংশোধন কার্যকর হয় না।
চতুর্থত, ওই চুক্তি স্বাক্ষরের পর বিএইচপি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) কাছে অনুসন্ধান লাইসেন্সের জন্য আবেদন করে। ব্যুরো ১৯৯৫ সালের ১৫ জানুয়ারি ‘বি’ এলাকা হিসেবে চিহ্নিত ফুলবাড়ী ও সন্নিহিত অঞ্চলের জন্য লাইসেন্স দেয়। ওই সময় বলবৎ খনি ও খনিজ সম্পদ আইনের ৩২ ধারা অনুযায়ী লাইসেন্স তিন বছরমেয়াদি। সে হিসাবে ১৯৯৮ সালের ১৪ জানুয়ারি ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। এ সময়ের মধ্যে লাইসেন্স নবায়নের সুযোগ থাকলেও মন্ত্রণালয় বিএইচপির লাইসেন্স নবায়ন করে একই বছরের ২৬ জানুয়ারি। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর এই নবায়ন আইন অনুযায়ী অর্থহীন হলেও বিএইচপি তা দেখিয়েই ১৯৯৮ সালের ১১ ফেব্রুয়ারি ‘বি’ এলাকাটি এশিয়া এনার্জির কাছে হস্তান্তর করে। এর কোনো আইনগত ভিত্তি নেই বলে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিমত।
সর্বোপরি, এশিয়া এনার্জির কাছে বিএইচপির চুক্তি হস্তান্তর হয় ১৯৯৮ সালে। কিন্তু এই হস্তান্তরের বিষয়ে গেজেট প্রকাশিত হয় ২০০৬ সালের ১ জুন। সরকারি সিদ্ধান্ত ও অনুমোদনসমূহ বাস্তবায়নের জন্য গেজেট প্রকাশের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। ফলে গেজেট প্রকাশের আগে পর্যন্ত এশিয়া এনার্জি যেসব কার্যক্রম চালিয়েছে, তা অবৈধ হিসেবে গণ্য করা যায় বলে সূত্রগুলোর অভিমত।