এশিয়া কাপের আলোকসজ্জা পিলখানার প্রতি অশ্রদ্ধা: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ কলঙ্কিত ঘটনা ঘটেছে। পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এই দিন এশিয়া কাপের উদ্বোধনের নামে আড়ম্বরপূর্ণ আলোকসজ্জার আয়োজন ২৫ ফেব্রুয়ারির শোকাবহ ঘটনার প্রতি অশ্রদ্ধা বলে তিনি মন্তব্য করেন।
আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
পিলখানায় নিহত সেনা সদস্যদের স্মরণে আজ বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভা করতে চেয়েছিল বিএনপি। কিন্তু সভার অনুমতি দেওয়া হয়নি। এর প্রতিবাদে এই সংবাদ সম্মেলন ডাকে দলটি।
সরকারের আচরণের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনগণের সব মৌলিক অধিকার হরণ করেছে।
সভায় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।