এশিয়া প্যাসিফিক অঞ্চলের সম্মেলনে যাচ্ছেন চট্টগ্রাম চেম্বার প্রতিনিধিরা
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার দুপুরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়ে যান। প্রতিনিধিদলের সদস্যরা হলেন সাংসদ ও সাবেক চেম্বার সভাপতি এম এ লতিফ, চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম ও জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম। ১৩-১৫ জুন রাশিয়ার ভ্লাদিভোস্তকে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে তাঁরা প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। রুশ ফেডারেশনের প্রাইমর্কস্ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে তাঁরা এতে যোগ দিচ্ছেন। চেম্বার সূত্রে জানা গেছে, সম্মেলনে চেম্বার নেতারা চট্টগ্রাম ও ভ্লাদিভোস্তকের ব্যবসায়ীদের সঙ্গে যৌথ ‘বিজনেস কাউন্সিল’ গঠন বিষয়ে প্রস্তাব করবেন। এ ছাড়া রাশিয়ার বিভিন্ন চেম্বার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। রাশিয়া সফর শেষে এম এ লতিফ ও মাহবুবুল আলম জাপান সফর করবেন। সেখানে তাঁরা টোকিও চেম্বার, ইয়োকোহামা চেম্বার, জাপান টেক্সটাইল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।