এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা গভর্নর আতিউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতিউর রহমান
আতিউর রহমান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা কেন্দ্রীয় গভর্নর নির্বাচিত হয়েছেন। লন্ডনভিত্তিক প্রভাবশালী পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের অর্থবিষয়ক ম্যাগাজিন দি ব্যাংকার ২০১৫ সালের জন্য তাঁকে সেরা গভর্নর নির্বাচন করেছে। গত সোমবার পত্রিকার ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সম্মানজনক এ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতিউর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় কৃষিবান্ধব এবং গ্রিন ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন, সামষ্টিক অর্থনীতি এবং সার্বিক ব্যাংকিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় আতিউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।
বাসস আরও জানিয়েছে, সেরা গভর্নর নির্বাচিত হওয়ায় আতিউর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ বিশিষ্ট ব্যক্তিরা।
দি ব্যাংকারের ওয়েবসাইটে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলের সেরা গভর্নর নির্বাচন ও তার তথ্যও প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রবৃদ্ধি ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার পাশাপাশি একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক কী করে সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ নিতে পারে এবং মানুষের জীবনমান উন্নত করতে পারে—এ স্বীকৃতি মিলেছে দি ব্যাংকারের এ নির্বাচনে।
আতিউর রহমান সেরা গভর্নর নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। গভর্নর সেখানে তাঁর এ স্বীকৃতিকে নাম জানা ও না-জানা শহীদ মুক্তিযোদ্ধা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁকে এ পদে নিয়োগ না দিলে এ ধরনের অর্জন সম্ভব ছিল না। এ ছাড়া তাঁর সার্বিক কাজে সহযোগিতার জন্য পরিবার ও বাংলাদেশ ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আতিউর রহমান।
সম্মেলনে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী, ডেপুটি গভর্নর আবুল কাসেম, আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল এবং নির্বাহী পরিচালক ও মুখপাত্র ম. মাহফুজুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৯ সালে গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর আতিউর রহমান প্রথাগত কেন্দ্রীয় ব্যাংকের ধারণার বাইরে এসে আর্থিক খাতে অন্তর্ভুক্তি, সামাজিক ও পরিবেশবান্ধব অর্থায়নের তাগিদ দেন। তিনি মুদ্রা প্রবাহের প্রবৃদ্ধি স্থিতিশীল ও নিরাপদ সীমায় রেখে প্রবৃদ্ধিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় ব্যাংকসহ ব্যাংকগুলোকে উদ্বুদ্ধ করেন।
বলা হয়, এতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকার পাশাপাশি মূল্যস্ফীতিও সহনীয় থাকে। তাঁর এই কৌশল এরই মধ্যে ফল দিতে শুরু করেছে। সারা বিশ্বে যখন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দাভাব চলছে, উৎপাদন কমে গেছে তখন এসব উদ্যোগ বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে সাহায্য করেছে।
আতিউর রহমান বলেন, তাঁর স্বপ্ন হচ্ছে প্রতিটি মানুষকে ব্যাংকিং অর্থায়নের মধ্যে নিয়ে আসা। তিনি বলেন, ‘দেখবেন আগামী পাঁচ বছরের মধ্যে অর্থনীতিতে শক্ত পাটাতন তৈরি হয়েছে।’
অন্তর্ভুক্তিমূলক ও সবুজ অর্থায়নের উদ্যোগের স্বীকৃতি হিসেবে এরই মধ্যে আতিউর রহমান অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। যার মধ্যে রয়েছে ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণ স্মারক, ফিলিপাইনের গুসি শান্তি পুরস্কার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাকবিরোধী আন্দোলনের সাফল্যের স্বীকৃতি এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউনেপ) টেকসই অর্থনীতির বিশ্ব মডেল নির্মাণের জন্য গঠিত সর্বোচ্চ প্যানেলের সদস্য নির্বাচন। সেরা গভর্নরের স্বীকৃতি বিশ্ব দরবারে নতুন ধারার কেন্দ্রীয় ব্যাংকিং কার্যক্রমকে আরও গ্রহণযোগ্য করবে মনে করে বাংলাদেশ ব্যাংক।