এশিয়াজুড়ে বিচারবহির্ভূত ও সীমান্ত হত্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার বেশির ভাগ দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মানুষ হত্যা বাড়ছে। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার বিরুদ্ধে যেসব সাংবাদিক ও মানবাধিকারকর্মী অবস্থান নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও চলছে দমন-পীড়ন। এশিয়ার মানবাধিকার-বিষয়ক সংগঠনগুলোর নেটওয়ার্ক সলিডারিটি ফর এশিয়ান পিপলস অ্যাডভোকেসি (সাপা) ও অধিকারের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে।গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠন থেকে এই অভিযোগ করা হয়। গত ১৮, ১৯ ও ২০ জানুয়ারি ঢাকার সাভারে সাপা আয়োজিত পঞ্চম সাধারণ ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরাম-পরবর্তী এ সংবাদ সম্মেলনে অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান মূল বক্তব্য তুলে ধরেন।লিখিত বক্তব্যে সাপা ফিলিপাইনের সমন্বয়কারী জেনিনা জয় চ্যাভেজ এশিয়ার সব দেশের কারাগারে আটক রাজনৈতিক বন্দী ও শ্রমিকনেতাদের ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় মানবাধিকার সংগঠন অধিকারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো হয়রানি করছে।আদিলুর রহমান বলেন, ২০০৯ সালে নির্যাতনের বিরুদ্ধে ও ২০১০ সালে মানবাধিকার পরিস্থিতি-বিষয়ক পাঁচটি অনুষ্ঠানের অনুমোদন দেয়নি সরকার। এটা দেশে গণতান্ত্রিক মানবাধিকার সমাজ নির্মাণের অন্তরায় বলে তিনি মন্তব্য করেন।থাইল্যান্ড থেকে আসা মানবাধিকারকর্মী উইলিয়াম বোয়েস বলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তেও হত্যাকাণ্ড বাড়ছে। তাই আসিয়ান এবং সার্কের মতো সংগঠনগুলোকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে বলে তিনি মনে করেন।সংবাদ সম্মেলনে ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও থাইল্যান্ডের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।