এশিয়াটিক সোসাইটির নতুন কাউন্সিল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ১৫তম দ্বিবার্ষিক সম্মেলন ও ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতা অনুষ্ঠান হয়েছে গতকাল শুক্রবার।
এতে সোসাইটির ২০১৪-১৫ সালের নতুন কাউন্সিল ঘোষণা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরী সোসাইটির সভাপতি হয়েছেন। সহসভাপতি হলেন খন্দকার বজলুল হক, জেড এন তাহমিদা বেগম ও আকমল হুসাইন। আহমেদ আবদুল্লাহ জামাল সাধারণ সম্পাদক ও এ কে এম গোলাম রাব্বানী সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১০ জন কাউন্সিল সদস্য হলেন: হারুন-অর রশিদ, হামিদুজ্জামান খান, সাজাহান মিয়া, শরীফ উদ্দিন আহমেদ, কে এম মোহসিন, একরাম আহমেদ, মফিদুল হক, প্রদীপ কুমার রায়, আবু মুসা এবং হাফিজা খাতুন। নবনির্বাচিত ফেলো হলেন অধ্যাপক আবদুল মোমিন চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম ও অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
গতকালের অনুষ্ঠান উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এশিয়াটিক সোসাইটি জ্ঞান, শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গবেষণাকাজে সরকার ও সমাজের বিত্তবানদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
অনুষ্ঠানে ‘ভারত বিভাগ বিচার: প্রাসঙ্গিক পুনর্বিবেচনা’ শীর্ষক বক্তৃতায় ভাষাসংগ্রামী আহমদ রফিক ভারত বিভাগ-পরবর্তী ফলাফল ও দাঙ্গায় হাজারো হিন্দু-মুসলিমের মৃত্যুর বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ভারত বিভাগ সাধারণ মানুষের জন্য কোনো সুফল বয়ে আনেনি। জিন্নাহ ভবিষ্যৎ প্রতিক্রিয়ার কথা না ভেবে শুধু ধর্মের ভিত্তিতে ভারতের বিভক্তি চেয়েছিলেন। অন্যদিকে নেহরু তাঁর জাতীয়তাবাদের তত্ত্ব থেকে বেরিয়ে আসতে পারেননি।
সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আহমেদ আবদুলাহ জামাল সোসাইটির গত দুই বছরের কার্যক্রম তুলে ধরেন। বিজ্ঞপ্তি।