এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে প্রযুক্তি উৎসব
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) আইটি ক্লাব ও ঢাকার গুগল ডেভেলপার গ্রুপ গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের মেহেদীবাগে এইউডব্লিউ ক্যাম্পাস মিলনায়তনে যৌথভাবে আয়োজন করে দিনব্যাপী প্রযুক্তি উৎসব।
চট্টগ্রামে নারীদের অংশগ্রহণে এটাই প্রথম প্রযুক্তি উৎসব বলে দাবি করেছেন উৎসবের আয়োজকেরা। ‘উই টেক ফেস্ট’ নামের উৎসবের মাধ্যমে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের বিকাশ ঘটানোই এর লক্ষ্য।
এতে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান লেখক মুহম্মদ জাফর ইকবাল। অতিথি হিসেবে ছিলেন তাঁর স্ত্রী ড. ইয়াসমিন হক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এইউডব্লিউর ডিন জিমি প্যারেট।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইটি ক্লাবের উপদেষ্টা ও উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক ফাহিরয়া কবির, গুগল ডেভেলপার গ্রুপের আঞ্চলিক প্রতিনিধি রাকিব হাসান, এইউডব্লিউ আইটি ক্লাবের সভাপতি নিশাত রাইহানা ও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক আমিনা আখতার।
উৎসবে মুহম্মদ জাফর ইকবাল ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ইয়াসমিন হক তথ্যপ্রযুক্তি জগতে নারীদের অংশগ্রহণের বাধা ও পিছিয়ে পড়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
দিনব্যাপী উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল মুক্ত আলোচনা, ওয়েব মেকিং, অ্যাপ্লিকেশন মেকিং, ওয়েব ডিজাইনিং প্রভৃতির ওপর কর্মশালা।