এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ছাত্রীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাশিত ফল না করায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) কর্তৃপক্ষ ১২ ছাত্রীকে বহিষ্কার করেছে। এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করেছেন।বিকেলে নগরের এমএম আলী রোডে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনের সড়কে দেশি-বিদেশি ছাত্রীরা এই মানববন্ধন করেন। এরপর তাঁরা অবস্থান ধর্মঘট শুরু করেন। তাঁরা বিভিন্ন বক্তব্য-সংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং স্লোগান দেন। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই অবস্থান ধর্মঘট চলছিল।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানায়, বহিষ্কৃতদের মধ্যে দুজন শ্রীলঙ্কার, একজন ভারতীয় এবং নয়জন বাংলাদেশি ছাত্রী। তাঁদের দুজন প্রথম বর্ষের এবং বাকিরা দ্বিতীয় বর্ষের। ৩ জুলাই তাঁদের বহিষ্কার করা হয়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ২৮ ছাত্রীকে তাঁদের লেখাপড়া সম্পর্কে সতর্ক করা হয়েছিল। কিন্তু তাঁরা উন্নতি করতে পারেননি। ফলে তাঁদের মধ্যে ১২ জনকে প্রথম পর্যায়ে বহিষ্কার করা হয়েছে।অস্থায়ী ক্যাম্পাসে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিচালন কর্মকর্তা ওমর শরীফ এই ১২ ছাত্রীর ভবিষ্যৎ কী হবে—এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ‘আমরা তাঁদের প্রতি সহানুভূতিশীল।’বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট মেরি জে সেনসেলনি বলেন, ছাত্রীদের লেখাপড়া নিয়ে বারবার সতর্ক করা হয়েছে। লিখিতভাবেও বলা হয়েছে। কিন্তু তাতেও তাঁরা পরবর্তী পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি। ফলে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ীই তাঁদের বহিষ্কার করা হয়েছে।২০০৮ সালে একাডেমিক কার্যক্রম শুরু হওয়া এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশসহ এশিয়ার ১২টি দেশের প্রায় সাড়ে ৪০০ ছাত্রী পড়াশোনা করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি চলছে।বহিষ্কৃত ছাত্রী এবং তাঁদের অভিভাবকেরা বলেন, যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁদের বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনে দুই থেকে তিন বছর কেটেছে। এ অবস্থায় তাঁদের পক্ষে দেশ-বিদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব নয়। ফলে তাঁদের উচ্চশিক্ষার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে।