এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের দ্বিতীয় সমাবর্তন
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা বোট ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এইউডব্লিউর ট্রাস্টি ইয়ুং জুন কিম।
অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাহিমা আজিজ। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস জাপানের ক্যাথি মাটসুই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ফ্যাকাল্টি ডিন জিনি গ্যারেট, স্টুডেন্টস ডিন রেবেকা হার্টম্যান। এ ছাড়া, এতে উপস্থিত ছিলেন ফ্রান্স ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমাবর্তন অনুষ্ঠানে ১২টি দেশের ১৩১ জন স্নাতককে সনদ এবং লেডি মুডি স্টুয়ার্টকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের শিক্ষার্থীরা সনদ পেয়েছেন।
গত বছরের মে মাসে অনুষ্ঠিত এইউডব্লিউর প্রথম সমাবর্তনে ১৩৪ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।