এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষকের লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর ঢাকার উত্তরার এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন প্রকল্পসংলগ্ন বালু নদে রাজীব আহসান (৩৭) নামের ওই শিক্ষকের লাশ পাওয়া যায়।
রাজীব আহসান উত্তরায় অবস্থিত কলেজ অব এভিয়েশন টেকনোলজির পূর্ণকালীন ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উত্তরা প্রধান ক্যাম্পাসের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী আসমা আহমেদ ওই ক্যাম্পাসের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক। তাঁরা উত্তরার ১১ নম্বর সেক্টরে থাকেন। রাজীবের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার খৈইরাপাড়ায়।
আসমা আহমেদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আসাদুজ্জামান জানান, রাজীব আহসান তিন দিন আগে দক্ষিণখান এলাকায় তাঁর ছাত্র শরীফুল হাসানের বাড়ির উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। গতকাল বিকেলে বালু নদে একটি লাশ ভাসতে দেখে লোকজন খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি জানান, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে শিক্ষক রাজীবকে হত্যার পর লাশ বালু নদে ফেলে গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে কারণটি নিশ্চিত হওয়া যাবে।
যোগাযোগ করা হলে এশিয়ান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘রাজীব আহসান কলেজ অব এভিয়েশন টেকনোলজির পূর্ণকালীন শিক্ষক। আমার বিভাগে গণিতের দুটি কোর্স পড়াতেন। তিন-চার দিন ধরে তাঁর কোনো খবর ছিল না। বৃহস্পতিবার শিক্ষার্থীরা আমাকে জানায়, রাজীব আহসান কয়েক দিন ধরে ক্লাস নিচ্ছেন না। আমি তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও বন্ধ পাই।’
আখতারুজ্জামান বলেন, ‘আজ (গতকাল) দুপুরে রূপগঞ্জ থানা থেকে আমার মোবাইল ফোনে ফোন করে জানায়, রাজীব আহসান দুর্ঘটনায় মারা গেছেন। আমার কাছে তাঁর পরিবারের কারও নম্বর আছে কি না, সহযোগিতা চান। পরে তাঁর স্ত্রীর মোবাইল ফোন নম্বর জোগাড় করে দিই। বিকেলে আমার এক সহকর্মী জানান, বালু নদে রাজীব আহসানের লাশ পাওয়া গেছে বলে টেলিভিশনে স্ক্রল দিচ্ছে।’
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে নাগরিক সমাবেশ: স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় নাগরিক সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন নির্ভীক। গতকাল শুক্রবার সকালে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়।
নির্ভীকের প্রধান সমন্বয়ক এ টি এম কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি সৈয়দ মশিউর রহমান শাহীন প্রমুখ।
এ টি এম কামাল বলেন, নারায়ণগঞ্জ এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। প্রতিদিনই খাল-বিল, ডোবা-নালায় লাশ পাওয়া যাচ্ছে। গুম, অপহরণ ও হত্যাকাণ্ড প্রতিদিনই ঘটছে। ছাত্র, শিশু, ব্যবসায়ী কিংবা সাংবাদিক, গৃহবধূ বা কলেজপড়ুয়া মেয়ে—কেউই এখানে নিরাপদ নয়। বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হচ্ছে যুবকদের। গত এক মাসে লাশের পর লাশ উদ্ধার হয়েছে এই জনপদে। এখানে নুনের চেয়ে খুন সস্তা। এ যেন এক ভয়াল মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দীর্ঘ হচ্ছে লাশের সারি। নারায়ণগঞ্জের মানুষ বাঁচতে চায়। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়।