এশিয়ান উইমেন বিশ্ববিদ্যালয়ে সহযোগিতার আশ্বাস চেরির
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার চট্টগ্রামে এশিয়ান উইমেন বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গতকাল শনিবার নগরের এম এম আলী সড়কে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।চেরি এশিয়ান উইমেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে গতকাল সকালে চট্টগ্রামে আসেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের একজন পৃষ্ঠপোষক। চেরি ব্লেয়ার বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনিও প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক। একুশ শতকের উপযোগী হতে হলে নারীকে অনেক যোগ্য হতে হবে। কোনো সমাজের শ্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে সে সমাজের নারীকে শিক্ষিত করে গড়ে তোলা।’বাংলাদেশের শিক্ষাব্যবস্থার প্রশংসা করে সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি বলেন, এ দেশের ছেলেমেয়েরা প্রাথমিক পর্যায় থেকেই একসঙ্গে শিক্ষা গ্রহণ করে। এ জন্য এখানে দ্রুত নারীশিক্ষার প্রসার হচ্ছে।অনুষ্ঠানের শুরুতে চেরি ব্লেয়ারের সম্মানে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন। আফগানিস্তানের চার ছাত্রী প্রামাণ্যচিত্রের মাধ্যমে তাঁদের দেশের পরিস্থিতি তুলে ধরেন। এতে দেখানো হয়, লেখাপড়া করার আগ্রহ প্রকাশ করার অপরাধে একজন নারীকে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার অপরাধে তিনজন নারীকে এক পুরুষ প্রকাশ্যে বেত দিয়ে পেটাচ্ছে। অনুষ্ঠানে একজন আফগান ছাত্রী নিজ দেশের পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘সেখানে ভালোবাসা নেই, জীবন নেই, শান্তি নেই। চারদিকে কেবলই সহিংসতা আর আতঙ্ক।’প্রামাণ্যচিত্র দেখে চেরি ব্লেয়ার বলেন, ‘আফগানিস্তানে অনেক মহীয়সী নারী আছেন, যাঁরা নারী-অধিকার নিয়ে কাজ করছেন।’অনুষ্ঠানে ১০ জন ছাত্রীকে চেরি-ব্লেয়ার ফাউন্ডেশন থেকে ফেলোশিপ দেওয়া হয়। এঁদের মধ্যে দুজন বাংলাদেশি, দুজন নেপালি, দুজন শ্রীলঙ্কান এবং ভারত, আফগানিস্তান, ভুটান ও কম্বোডিয়ার একজন করে ছাত্রী রয়েছেন। বর্তমানে এশিয়ান উইমেন বিশ্ববিদ্যালয়ে ৩০০ ছাত্রী রয়েছেন।বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপাচার্য হু নেং কু, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি রোকেয়া আফজাল রহমানসহ অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।এশিয়ান উইমেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রচারণার অংশ হিসেবে চেরি ব্লেয়ার চার দিনের সফরে গত শুক্রবার বাংলাদেশে আসেন। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে প্রচার চালাতে গত বছর তিনি হংকং, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ব্রুনাই সফর করেন। এ শিক্ষাপ্রতিষ্ঠানের সমর্থনে ৩১ জানুয়ারি কুয়েতে অনুষ্ঠেয় এক বিশেষ অনুষ্ঠানে তিনি মুখ্য আলোচক থাকবেন।গতকাল বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে চেরিকে এশিয়ান উইমেন ক্যাম্পাসে সংবর্ধনা দেওয়া হয়। এদিন নৈশভোজের আয়োজন করা হয়।