এশিয়ান জায়ান্ট কচ্ছপ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের সাঙ্গু প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল থেকে বড় আকারের দুটি স্থল-কচ্ছপ পাওয়া গেছে। এশিয়ান জায়ান্ট টরটয়েস নামের এ প্রজাতির কচ্ছপ বিপন্নের তালিকায়। দেশে শুধু পার্বত্য চট্টগ্রামে গহিন অরণ্যে এগুলো টিকে রয়েছে বলে প্রাণিবিদেরা বলেছেন। কচ্ছপ দুটি শনিবার গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চল এলাকার সিঙ্গাপা মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) মুইশৈথুই মারমা বলেছেন, বনাঞ্চলের গহিন অরণ্য লিক্রি এলাকায় ম্রোরা কচ্ছপ দুটি পাওয়ার পর তাঁকে জানান। পরে বন্য প্রাণী সংরক্ষণকারী সংস্থা ক্যারিনামের নির্বাহী পরিচালক (ইডি) এস এম এ রশিদকে জানানো হয়। তিনি ৩০ হাজার টাকায় কচ্ছপ দুটি কিনে নিয়ে যান।এস এম এ রশিদ বলেন, সাঙ্গু রিজার্ভে পাওয়া কচ্ছপগুলো স্থল-কচ্ছপের মধ্যে সবচেয়ে বড় এশিয়ান জায়ান্ট টরটয়েস প্রজাতির। এশিয়ার বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের নিরক্ষীয় চিরহরিৎ প্রাকৃতিক বনাঞ্চলে এদের আবাস্থল বলে তাদের এ নাম। বাংলায় কাইট্টা বলা হয়। বৈজ্ঞানিক নাম ম্যানোরিয়া এমিস।পার্বত্য চট্টগ্রামের বন্য প্রাণীবিদ ও ওয়ার্ল্ড লাইফ ট্রাস্টের গবেষক সুপ্রিয় চাকমা বলেছেন, প্রাকৃতিক বনাঞ্চল না হলে এ কচ্ছপের আবাসস্থল হয় না। পার্বত্য চট্টগ্রামে আগে এ কচ্ছপ প্রচুর ছিল। কিন্তু এখন এ অঞ্চলে সবচেয়ে বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রাণীর মধ্যে এটি একটি। চাকমারা এটিকে মোনদুর (মোন অর্থ-পাহাড়, দুর অর্থ- কচ্ছপ) আর মারমারা বলেন লেপোক। হেডম্যান বলেন, লাপাইংঝিড়ি থেকে পাওয়া কচ্ছপগুলো একটির ওজন ২৫ কেজি। ১০ বছর আগে বড়মদকের নারিকেলঝিড়ি থেকে ৫০ কেজি ওজনের এ রকম একটি কচ্ছপ তিনি নিজে পেয়েছিলেন। ক্যারিনামের ইডি এস এম এ রশিদ আরও বলেছেন, এশিয়ান জায়ান্ট কচ্ছপের কালো ও বাদামি রঙের দুটি উপ-প্রজাতি রয়েছে। নিরীহ প্রকৃতির এ কচ্ছপ ফলমূল, সবুজ পাতা, শামুক, কাঁকড়া, কেঁচো খেয়ে থাকে। আকারে খোলস ২৩ সেন্টিমিটার বা তারও বেশি হতে পারে। স্ত্রী কচ্ছপ শুকনো খড়খুটো দিয়ে বাসা বাঁধে এবং অনেকগুলো ডিম দেয়। এই দুটি কচ্ছপই স্ত্রী হওয়ায় প্রজননে সমস্যা হতে পারে।