এশিয়ার প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শেখ হাসিনা ২২তম
এশিয়ার শীর্ষ প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০০ শীর্ষ ব্যক্তির তালিকায় ২২তম স্থানে রয়েছেন তিনি। গত বছর ছিলেন এক ধাপ এগিয়ে ২১তম স্থানে।
গতকাল রোববার এশিয়ান অ্যাওয়ার্ডস লিমিটেড ‘হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এশিয়ান পিপল অব ২০১৪’ তালিকাটি প্রকাশ করে। রাজনীতি, ব্যবসা, অর্থনীতি, বিনোদন, ক্রীড়া ও ধর্ম-দর্শন ইত্যাদি ১২টি ক্যাটাগরিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই অ্যাওয়ার্ডস দেওয়া হয়। ২০১০ সাল থেকে এটি প্রদান করা হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক এই অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী পল সাগু।
প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছেন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান ও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
দ্বিতীয় স্থানে আছেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তার পরই আছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
চতুর্থ স্থানে আছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি, পঞ্চম স্থানে কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী, ষষ্ঠ স্থানে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আছেন ১৯তম স্থানে।
তালিকার নবম ও দশম প্রভাবশালী এশিয়ান হলেন যথাক্রমে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং দক্ষিণ কোরিয়ান প্রধানমন্ত্রী পার্ক জুন হাই।
নোবেলজয়ী অমর্ত্য সেন আছেন ৫২তম স্থানে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী আছেন ৪২তম স্থানে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে আছেন ৩৪তম স্থানে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও পিটিআই।