রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, ‘বিশ্ব এখন নেতৃত্বের জন্য এশিয়ার দিকে তাকিয়ে আছে। এ অঞ্চলের সম্ভাবনা অনেক। সম্মিলিতভাবে এই অঞ্চলের সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ জন্য এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়াতে হবে। দৃশ্যত আমাদের মধ্যে যেসব মতভেদ রয়েছে তা দূর করতে হবে।’রাষ্ট্রপতি ৩২টি দেশের সমন্বয়ে গঠিত এশিয়ার সর্ববৃহৎ ফোরাম এশীয় সহযোগিতা সংলাপের (এসিডি) প্রথম শীর্ষ সম্মেলনে গতকাল মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন। খবর বাসসের। কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহম্মদ-আল জাবের-আল সাবাহর আমন্ত্রণে জিল্লুর রহমান এসিডির অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দুদিনের এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।এর আগে সকালে কুয়েতের আমির তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটির রাজধানীর লিবারেশন কনফারেন্স বিল্ডিংয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন।জিল্লুর রহমান বলেন, ‘অবাধে সীমান্ত অতিক্রমের সুযোগ দেওয়ার মাধ্যমে এসিডির দেশেগুলোতে জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। তাহলেই কেবল আমরা ধারণা, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ গড়ে তুলতে পারব।’ রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, নৈকট্য ও অভিন্ন সংস্কৃতির কারণে এশিয়ার কোনো দেশ, অপর দেশে বিনিয়োগ করে দূরবর্তী দেশগুলোর চেয়ে বেশি লাভবান হতে পারে।