এশিয়ার স্থপতিদের সেমিনার শুরু
পরিবেশ বিপর্যয়সহ এশিয়ার দেশগুলোর অভিন্ন সমস্যা মোকাবিলায় নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানিয়েছেন এশিয়ার স্থপতিরা। গতকাল শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এশিয়ার স্থপতিদের দুই দিনের সেমিনারের প্রথম দিনের গোলটেবিল আলোচনায় তাঁরা এ আহ্বান জানান। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এ সেমিনারের আয়োজন করেছে।
গতকালের গোলটেবিল আলোচনায় স্থপতিরা পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তিনির্ভর স্থাপত্য এবং নির্মাণ নিয়ে আলোচনা করেন। পরে বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, ২০০৯ সাল থেকে বিভিন্ন দেশে নিয়মিত এ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ঢাকায় ষষ্ঠ সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের সাথহিরুত নুই তানাদানান্দ, সিঙ্গাপুরের অশ্বিনকুমার কান্তিলাল, আবু সাঈদ এম আহমেদ, কাজী আরিফ, ঈসা মোহাম্মদ ও মুস্তাফা খালিদ।
আয়োজকেরা জানান, আজ শনিবার দ্বিতীয় দিনের সেমিনার শুরু হবে সকাল নয়টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে।