এশিয়ায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া অঞ্চলে শরণার্থীর সংখ্যা বৃদ্ধি ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে। এর ফলে এ অঞ্চলে যেসব বিরোধ দেখা দিচ্ছে, তাতে জাতিসংঘের মানবাধিকারসংক্রান্ত সনদ ও মানবহিতৈষী আইনগুলো লঙ্ঘিত হচ্ছে। আন্তর্জাতিক আইন নিয়ে অনুষ্ঠিত ফোরামগুলোতে এগুলো ভালোভাবে তুলে ধরতে হবে।
আন্তর্জাতিক আইন বিষয়ে আয়োজিত এক সম্মেলনে গতকাল রোববার আইনবিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল হোসেন এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে ‘সাউথ এশিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল ল: অ্যানগেজমেন্ট অর এনকাউন্টার’ শীর্ষক এই আঞ্চলিক সম্মেলনের আয়োজন করে এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল’-এর (এশিয়ানসিল) বাংলাদেশ চ্যাপ্টার।
তবে আন্তর্জাতিক আইনের অগ্রগতিতে এশিয়ার দেশগুলো উল্লেখযোগ্য অবদান রাখছে উল্লেখ করে কামাল হোসেন বলেন, এশিয়ার উন্নয়নশীল বা সদ্য স্বাধীন হওয়া দেশগুলো বৈশ্বিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক আইনকে বিশ্বজনীন করে তোলার ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। এশিয়ানসিলের প্রেসিডেন্ট ও থাইল্যান্ডের সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী অধ্যাপক সুরাকিয়ার্ট সাথিরাথাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে আনিসুল হক বলেন, এ দেশের আইনি কাঠামোতে দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রয়োগ ও ব্যবহার রয়েছে। এ ছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্যও বাংলাদেশ আন্তর্জাতিক আইনের শরণাপন্ন হয়েছে। এ সময় আইনমন্ত্রী ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়ের কথা উল্লেখ করেন।
শারীরিক অসুস্থতার জন্য ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) সাবেক প্রেসিডেন্ট এবং এশিয়ানসিলের প্রতিষ্ঠাতা বিচারপতি হিসাশি ওয়ারা সম্মেলনে উপস্থিত হতে পারেননি। তবে তাঁর লেখা প্রবন্ধ পড়ে শোনান সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক সাইমন চেস্টারম্যান। উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন ভারতের জয়পুর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পরিচালক অধ্যাপক ভি এস মানি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন খান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ২০০৪ সালে ২১ আগস্টে গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু তৎকালীন সরকারের ভূমিকা ছিল সন্দেহজনক। গ্রেনেড হামলার পরও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় করা মামলার অন্যতম একজন আসামি তারেক রহমান। তাঁরা (জিয়া পরিবার) যদি ঘটনার সঙ্গে জড়িত না থাকতেন, তবে তাঁদের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো বক্তব্য থাকত, তাঁর (তারেক রহমান) উচিত ছিল বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করা। প্রধানমন্ত্রী এ ঘটনার ব্যাপকতা সম্পর্কে বলেছেন। এভাবে বিশ্লেষণ করলে প্রধানমন্ত্রীর বক্তব্য এই মামলার বিচারে কোনো প্রভাব ফেলবে না।
২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, ওই হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত ছিলেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনের পর গতকাল তিনটি অধিবেশনে আন্তর্জাতিক আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক মানবাধিকার আইন, আন্তর্জাতিক মানবহিতৈষী আইন এবং শরণার্থী ও অভিবাসন আইন নিয়ে এই তিনটি অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন দেশি-বিদেশি আইন বিশেষজ্ঞরা। আজ রোববার সম্মেলনের শেষ দিনে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত আইন এবং আন্তর্জাতিক পরিবেশ আইন নিয়ে দুটি অধিবেশন অনুষ্ঠিত হবে।