এশিয়ায় দ্বিতীয় নিকৃষ্ট শহর ঢাকা
জীবন যাপনের মানের ক্ষেত্রে এশিয়ার দ্বিতীয় নিকৃষ্ট শহর ঢাকা। আর বিশ্বের ২২৩টি শহরের মধ্যে এর অবস্থান ২০৮তম। গত বুধবার প্রকাশিত বিশ্বের বিভিন্ন শহরের ওপর করা যুক্তরাষ্ট্রের সমীক্ষাবিষয়ক প্রতিষ্ঠান মারসারের এক তালিকায় এই দাবি করা হয়েছে।
মারসার চলতি বছর বিশ্বের বিভিন্ন শহরের ওপর সমীক্ষা চালায়। ফলাফলের ওপর ভিত্তি করে শহরের এ তালিকা প্রকাশ করে তাদের ওয়েবসাইটে।
রাজনৈতিক স্থিতিশীলতা, অপরাধ, দূষণসহ বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে বিশ্বের ৪৬০টি শহরের তথ্য নেওয়া হয়। পরে ২২৩টি শহর নিয়ে মূল তালিকা তৈরি করা হয়। এ ছাড়া অঞ্চলভেদেও বিভিন্ন শহরের অবস্থানের তালিকা দেওয়া হয়েছে।
মারসারের তালিকায় জীবনমানে ভালো শহরের ক্ষেত্রে ইউরোপের আধিক্য দেখা যায়। জীবন যাপনের সবচেয়ে ভালো শহরের মর্যাদা অর্থাৎ প্রথম হয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা। পরবর্তী অবস্থানে আছে যথাক্রমে সুইজারল্যান্ডের জুরিখ, নিউজিল্যান্ডের অকল্যান্ড, জার্মানির মিউনিখ ও কানাডার ভ্যাংকুবার। অপরদিকে তালিকার সবচেয়ে নিচে অর্থাৎ বিশ্বের নিকৃষ্টতম (২২৩তম) শহর হয়েছে ইরাকের বাগদাদ।
এশিয়ার তালিকায় সবচেয়ে ভালো শহরের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। শীর্ষ পাঁচের বাকি চারটি শহরই জাপানের। শহরগুলো হলো টোকিও, কোবে, ইয়োকোহামা ও ওসাকা। অপরদিকে এশিয়ার নিকৃষ্ট পাঁচটি শহর হলো যথাক্রমে তাজিকিস্তানের দুশানবে, বাংলাদেশের ঢাকা, তুর্কমেনিস্তানের আশখাবাদ, কিরগিজস্তানের বিশকেক ও উজেবেকিস্তানের তাসখন্দ।
মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে সবচেয়ে ভালো শহরের মর্যাদা পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। আর বিশ্বের মধ্যে দুবাইয়ের অবস্থান ৭৩তম।