এশীয় উন্নয়ন সাংবাদিকতায় পুরস্কার পেলেন তিন বাংলাদেশি সাংবাদিক
বাংলাদেশের তিনজন সাংবাদিক এ বছর এশীয় উন্নয়ন ব্যাংক ইনস্টিটিউট (এডিবিআই) প্রবর্তিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের ইংরেজি দৈনিক ফিন্যানশিয়াল এক্সপ্রেস-এর সাংবাদিক আবু জাফর মোহাম্মদ আনাস এবং ইনডিপেন্ডেন্ট-এর সৈয়দ জাইন আল-মাহমুদ যথাক্রমে ‘নগরজীবন’ ও ‘অগ্রগতির নতুন পথ’ বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছেন। এ ছাড়া ফিন্যানশিয়াল এক্সপ্রেস-এর সাংবাদিক রায়হান এম চৌধুরী ‘এশিয়ার আগামী গঠন’ বিভাগে দ্বিতীয় রানারআপ পুরস্কার পেয়েছেন। এ অঞ্চলের উন্নয়নশীল বিভিন্ন দেশে উন্নয়ন সাংবাদিকতার বিকাশে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে টোকিওভিত্তিক এডিবিআই ২০০৩ সালে উন্নয়ন সাংবাদিকতা পুরস্কার প্রবর্তন করে। এশিয়ার চারটি দেশের সংবাদমাধ্যমের সঙ্গে জড়িত চারজন বিশিষ্ট সাংবাদিককে নিয়ে গঠিত বিচারকমণ্ডলী প্রতিবছর প্রতিযোগিতার জন্য জমা দেওয়া সংবাদমাধ্যমে প্রকাশিত অথবা প্রচারিত প্রতিবেদনের মধ্য থেকে শ্রেষ্ঠটি বেছে নেন। প্রতিবছর তিন থেকে চারটি বিভাগে শ্রেষ্ঠ প্রতিবেদন নির্বাচন করা ছাড়াও বছরের সেরা উন্নয়ন সাংবাদিক ও ৩০ বছরের কম বয়সী সাংবাদিকদের জন্য শ্রেষ্ঠ তরুণ উন্নয়ন সাংবাদিক পুরস্কার দেওয়া হয়।চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হওয়া কর্মশালার শেষ দিনে গত শুক্রবার পুরস্কার ঘোষণা ও বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এশীয় উন্নয়ন সাংবাদিকতা পুরস্কারের এ বছরের কার্যক্রম।