‘ধীরে ধীরে বৃষ্টি তীক্ষ্ণ হয়
ভিজে চালে কদমের পাতা ঝরে
শালিখ বসিয়া থাকে মুহূর্ত্ত সময়’
—জীবনানন্দ দাশ
বিকেল শেষে সন্ধ্যা নামছে। আমাদের নগর কিংবা গাঁয়ের সন্ধ্যার মতো নয়, এটা বনের সন্ধ্যা। চারদিক থেকে নানা রকমের প্রাণীর শব্দ ও সুর ভেসে আসছে। এ মুহূর্তে সেখানে তেমন পাখির কোলাহল নেই। তবে প্যাঁচারা ডাকাডাকি শুরু করেছে। সেই বনের ভেতরে অনেক উঁচু গাছপালার মধ্যে দিয়ে সূর্যটা কখন যে ডুবে যায় তা দেখা যায় না। পাহাড়ের উঁচু-নিচু ঢালে অনেক প্রজাতির গাছপালা নিয়ে বেড়ে উঠেছে বনটি। নাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটি চিরসবুজ বন। আয়তন মাত্র ১ হাজার ২৫০ হেক্টর। পৃথিবীর অতিবিপন্ন প্রাণী উল্লুক এই বনে বাস করে। সে জন্য এ অরণ্য পৃথিবীখ্যাত। বাংলাদেশ বাদে এ প্রাণীটি শুধু ভারত, মিয়ানমার ও চীনে আছে।

পাখিরা এই বনে দিনভর ডেকে বেড়ায়। তবে উঁচু গাছপালা থাকায় পাখির দেখা পাওয়া সহজ নয়। কালো রঙের একটি শালিক এ গভীর বনে বাস করে। নাম এশীয় তেলশালিক।
এশীয় তেলশালিক বাংলাদেশের একটি দুর্লভ স্থায়ী পাখি। উপকূলীয় বন ও চিরসবুজ বনে মাঝেমধ্যে দেখা যায়। পার্বত্য চট্টগ্রামের বনে এ শালিকটি আমি কয়েকবার দেখেছি। অরণ্য ধ্বংসের ফলে এ শালিকটি হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে।
পাহাড়ি বনের গাছগাছালির ডালে এশীয় তেলশালিকদের (এশিয়ান গ্লোসি স্টার্লিং) আনন্দ করতে দেখা যায়। মাঝেমধ্যে বনের পাহাড়তলির গাঁ-গঞ্জেও এশীয় তেলশালিক উড়ে আসে। নারকেলবাগান, বনের ফলের গাছে উড়ে বেড়ায়। দলবদ্ধভাবে বসবাস করে। এক দলে ২০টি পাখিও থাকে। মাঝেমধ্যে ফল খাওয়া নিয়ে অন্য পাখিদের, বিশেষত পাহাড়ি ময়নাদের সঙ্গে ঝগড়াঝাঁটি বাধায়। এরা কর্কশ সুরে গান গায়। একনাগাড়ে তীক্ষ্ণ বাঁশি বাজানো শব্দের মতো ডেকে যেতে পারে। পোকামাকড়, জাম, বট ফল, ফুলের মধুই এশীয় তেলশালিকদের প্রধান খাদ্য।
ছিমছাম দেহের এশীয় তেলশালিক উজ্জ্বল কালচে সবুজ। ঠোঁটটিও কালো। দেহের দৈর্ঘ্য ২০ সেন্টিমিটার। চোখের মণি উজ্জ্বল লাল। কিশোর বয়সীদের শরীরের ওপরের অংশ কালচে বাদামি, নিচের অংশ হালকা হলদে সাদায় ঘেরা এবং তাতে কালচে বাদামি রঙের ডোরা আছে। তবে চকচকে সবুজের বিভিন্ন ডোরাও থাকে। মার্চ-এপ্রিল মাসে গাছের ফোকরে ঘাস ও লতাপাতা দিয়ে বাসা করে। সাধারণত গাছের উঁচুতে বাসা বানায়। ডিম পাড়ার সময় কাছের পাহাড়ে আসে। ডিম পাড়ে তিনটি। রং নীল, ওপরে কালচে বাদামি দাগ। ছানা পালন সম্পর্কে কিছু জানা যায়নি। বাংলাদেশ বাদে ভারত, মিয়ানমার, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডেও এ শালিক রয়েছে। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং মেঘালয়েও আছে।