এস আলম সার্ভিসে ব্যবসায়ীর ১৬ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসারটেক এলাকায় এস আলম সার্ভিসের একটি গাড়িতে এক ব্যবসায়ীর ১৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। ১০ এপ্রিল দুপুরে ছিনতাইকারীরা গাড়িতে জোর করে উঠে শুধু ওই ব্যবসায়ীর টাকাই ছিনতাই করে।এ ঘটনায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কুতুব সুপার মার্কেটের ব্যবসায়ী আবুল কালাম সওদাগর পটিয়া থানায় মামলা করেছেন।মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুতুব সুপার মার্কেটের জনকল্যাণ স্টোরসহ অন্যান্য দোকানের চালানের ১৬ লাখ টাকা নিয়ে ব্যবসায়ী কালাম চট্টগ্রামের চাক্তাই যেতে ১০ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের নবগঠিত পেকুয়া উপজেলার মগনামায় এস আলম সার্ভিসের একটি গাড়িতে ওঠেন। বেলা দুইটার দিকে বাসটি পটিয়ার মনসারটেক এলাকায় যানজটের মধ্যে পড়লে দুই ছিনতাইকারী জোর করে গাড়িতে ওঠে। আগে থেকে ওই গাড়িতে আরও দুজন ছিনতাইকারী যাত্রীর বেশে ছিল। ছিনতাইকারীরা কিছু দূর গিয়ে প্রথমে বাসচালককে অস্ত্র দেখিয়ে ব্যবসায়ী আবুল কালামের সঙ্গে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা চারজন গাড়ি থেকে নেমে পড়ে। সেখানে সাদা রঙের একটি মাইক্রোবাস তাদের নিয়ে চট্টগ্রামের দিকে চলে যায়।