পরিবেশ দূষণের দায়ে এস আলম গ্রুপের পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানকে এক কোটি ৮০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এই জরিমানা ধার্য করেন।
এর আগে মো. আলমগীরের নেতৃত্বে গত ২৬ ফেব্রুয়ারি অধিদপ্তরের একটি দল কর্ণফুলী থানা এলাকায় অবস্থিত এস আলম গ্রুপের পাঁচটি শিল্প-কারখানা পরিদর্শন করে দূষণের প্রমাণ পায়। কারখানাগুলোর মধ্যে এস আলম রিফাইন্ড সুগার মিলস লিমিটেডকে এক কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা, এস আলম স্টিল মিলস এবং চেমন ইস্পাত লিমিটেডকে ৩৩ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা, এস আলম ভেজিটেবলকে এক লাখ চার হাজার টাকা, এস আলম কোল্ড রোল স্টিল মিলসকে ২২ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
এস আলম রিফাইন্ড সুগার মিলস দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র এবং বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) না করে চিনি উৎপাদন করে বাজারজাত করে আসছিল। এর অপরিশোধিত বর্জ্যে কর্ণফুলী নদী এবং ওই এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এটি নদীর জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ বলে জানান পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান আকন্দ। তিনি বলেন, সুগার মিলের ইটিপি নেই। অন্য চারটির ইটিপি থাকলেও তা চালু না করে উৎপাদন করছিল। ওই কারণে তাদেরও জরিমানা করা হয়।
এস আলম গ্রুপ ছাড়াও ত্রুটিপূর্ণ এটিপি পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে চট্টগ্রামের বেনজ স্টিল মিলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।