টাকা ছড়ানোর অভিযোগ আকরামের, অস্বীকার সেলিমের
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসন উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম টাকা ছড়ানোর অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির (জাপা) সেলিম ওসমানের বিরুদ্ধে। তবে সেলিম ওসমান এ অভিযোগ অস্বীকার করেছেন।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এস এম আকরাম অভিযোগ করেন, সেলিম ওসমান ভোটারদের মাঝে টাকা ছড়াচ্ছেন। নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড নেই দাবি করে তিনি বলেন, সেলিমের লোকজন নির্বাচনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন।
এস এম আকরামের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিম ওসমান প্রথম আলোকে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে এস এম আকরাম মিথ্যা অভিযোগ করছেন। টাকা ছড়ানোর প্রমাণ তাঁর কাছে থাকলে তিনি তা নির্বাচন কমিশনকে জানাতে পারেন। আর আমি টাকা ছড়াচ্ছি, উনি জানলেন কী করে? তথ্যপ্রমাণ ছাড়া তাঁর এমন অভিযোগের জবাব আমি দিচ্ছি না।’
২৬ জুন এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।