এস এম সুলতান পদক পেলেন চিত্রশিল্পী হাশেম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর এস এম সুলতান স্বর্ণপদক পেলেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ছিলেন। পদক পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাশেম খান।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে চিত্রশিল্পী হাশেম খান বলেন, ‘সারা জীবনের মধ্যে এ পদক পাওয়া আমার বড় প্রাপ্তি। এ ক্ষণটি আমার চিরদিন স্মরণ থাকবে।’ তিনি আরও বলেন, সমাজ থেকে জঙ্গিবাদ দূর করতে হলে নতুন প্রজন্মের মধ্যে শিল্পকলার চর্চা বাড়াতে হবে।
গতকাল শনিবার বিকেলে নড়াইলের সুলতান মঞ্চে হাশেম খানের হাতে এ পদক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ পদক বিতরণের মধ্য দিয়ে শেষ হলো সাত দিনের সুলতান মেলা। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে।
এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুলতান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, শিল্পকলা একাডেমির পরিচালক মো. মনিরুজ্জামান, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস প্রমুখ।