এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী আজ

চিত্রশিল্পী এস এম সুলতানের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ১০ অক্টোবর। দিবসটি উপলক্ষে সুলতান ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শিল্পীর কবরে শ্রদ্ধাঞ্জলি, কোরআনখানি, মিলাদ মাহফিল, দোয়া, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা।
১৯২৪ সালে নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন চিত্রশিল্পী এস এম সুলতান। তাঁর বাবা মেছের আলী ও মা মাজুবিবি। স্কুলের অবসরে রাজমিস্ত্রি বাবাকে সহযোগিতার ফাঁকে সুলতানের ছবি আঁকার হাতেখড়ি। ১৯৮২ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যান অব অ্যাচিভমেন্ট এবং এশিয়া উইক পত্রিকা থেকে ম্যান অব এশিয়া পুরস্কার লাভ করেন। একই সালে একুশে পদকও পান। ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি লাভ, ১৯৮৬ সালে চারুশিল্পী সম্মাননা লাভ এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শহরের কুড়িগ্রামে তাঁর মরদেহ সমাহিত করা হয়।