শিল্পী এস এম সুলতানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে নিজ বাড়ির আঙিনায় তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। এ ছাড়া ঢাকার বেঙ্গল শিল্পালয়ে সপ্তাহব্যাপী বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। নড়াইলে কর্মসূচির মধ্যে আছে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানানো, সমাধি জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। ১৯২৪ সালের ১০ আগস্ট মাছিমদিয়া গ্রামের এক দরিদ্র রাজমিস্ত্রির ঘরে জন্ম নেন সুলতান। তাঁর ডাকনাম ছিল লাল মিয়া। জীবদ্দশাতেই কিংবদন্তি হয়ে ওঠা সুলতান ভিন্ন বৈশিষ্ট্যের ছবি এঁকে সারা বিশ্বে রীতিমতো হইচই ফেলে দেন। একমাত্র তিনিই প্রথম এশীয়, যাঁর আঁকা ছবি পাবলো পিকাসো, সালভাদর দালির মতো বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের সঙ্গে প্রদর্শিত হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে তাঁর এই ছবিগুলো প্রদর্শিত হয় লন্ডনের ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্ট ও লেইস্টার গ্যালারিতে।সুলতান তাঁর চিত্রকর্মের জন্য অনেকগুলো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ১৯৮২ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘ম্যান অব দ্য ইয়ার’, একই বছর একুশে পদক, ’৮৪ সালে বাংলাদেশ সরকার কর্তৃক আর্টিস্ট ইন রেসিডেন্স, ’৯৩ সালে স্বাধীনতা পদক এবং ’৯৯ সালে চারুকলা ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তিতে সম্মাননা (মরণোত্তর) পদক উল্লেখযোগ্য।