এস এম সুলতানের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন
ভোর থেকেই সুলতান কমপ্লেক্স চত্বরে শিশু, অভিভাবক ও সুলতান ভক্তদের ভিড়। সকাল আটটার আগেই শিশুস্বর্গের দ্বিতল ভবন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে আয়োজকেরা খুলে দেন সুলতান কমপ্লেক্স।
শিল্পী এস এম সুলতানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এভাবেই শিশুরা অংশ নেয়। প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে অঙ্কন দত্ত। সে বলে, ‘স্বপ্নেও ভাবিনি এমন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করব।’
এর আগে জেলা প্রশাসক আবদুল গফফার খান শিল্পীর কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এ ছাড়া শিল্পীর কবর জিয়ারত, কোরআনখানি ও দোয়া মাহফিল হয়। সকাল ১০টায় শিশুস্বর্গ ভবনে হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান, সহকারী কমিশনার সৈয়দ জাকির হাসান প্রমুখ।
‘মাটি ও মানুষের’ চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরে মৃত্যুবরণ করেন। নড়াইল পৌরসভার কুড়িগ্রামে তাঁকে দাফন করা হয়।
১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা মেছের আলী এবং মা মাজু বিবি। রাজমিস্ত্রি বাবার সংসারে দারিদ্র্যের মধ্যেও ১৯২৮ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে লেখাপড়া শুরু করেন শেখ মোহাম্মদ সুলতান। পড়াশোনার অবসরে বাবাকে কাজে সহযোগিতার পাশাপাশি ছবি আঁকতেন তিনি। ১৯৪১ সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তির সুযোগ পান। পরে আর্ট স্কুল ত্যাগ করে ঘুরে বেড়ান এখানে-সেখানে। এস এম সুলতানের শিল্পকর্ম ছিল বাংলার কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, মাঠ, নদী, হাওর, বাঁওড়, জঙ্গল, সবুজ প্রান্তর ইত্যাদি নিয়ে। চিত্রাঙ্কনের পাশাপাশি তিনি বাঁশি বাজাতে পারতেন।
কাজের স্বীকৃতি হিসেবে এস এম সুলতান যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া ১৯৮২ সালে একুশে এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।