এস এম সুলতানের মেয়ে নীহার বালা অসুস্থ
চিত্রশিল্পী এস এম সুলতানের পালিত কন্যা নীহার বালা গুরুতর অসুস্থ। গত মঙ্গলবার তাঁকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন।
নীহার বালার মেয়ে পদ্ম রানী সাহা বলেন, তাঁর মা দীর্ঘদিন ধরে হাঁপানিসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত সোমবার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পদ্ম রানী অভিযোগ করেন, দুই দিন হয়ে গেলেও সাধারণ মহিলা ওয়ার্ডেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসক-সেবিকাদের কাছে কেবিন চেয়েও পাননি। দু-একটি ছাড়া সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। মায়ের চিকিৎসার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী পাঁচ হাজার টাকা অনুদান দিয়েছে বলে জানান তিনি।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, নীহার বালা শঙ্কামুক্ত নন। জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিলে তাঁকে কেবিন বা বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া সহজ হবে।
নড়াইল জেলা সাংস্কৃতিক কর্মকর্তা হায়দার আলী বলেন, নীহার বালা যত দিন বেঁচে থাকবেন জেলা প্রশাসন থেকে তত দিন তাঁকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার চিন্তাভাবনা চলছে। জেলা প্রশাসক বর্তমানে জেলার বাইরে আছেন। কর্মস্থলে ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।