ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষের কার্যালয়, টিভি-কক্ষ ও অতিথিকক্ষ ভাঙচুর করা হয়েছে। হলের বিভিন্ন সমস্যার ব্যাপারে প্রাধ্যক্ষকে তাগিদ দিয়েও সমাধান না পাওয়ায় ছাত্ররা গতকাল মঙ্গলবার সকালে এই ভাঙচুর চালান। এ সময় তাঁরা চেয়ার, টেবিল, সোফাসেটসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন লাগিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে আসেন। কিন্তু এ সময় প্রধ্যক্ষ না থাকায় শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলকারী শিক্ষার্থীরা হলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টিভি-কক্ষে এসে ভাঙচুর শুরু করেন। পরে তাঁরা অতিথি কক্ষ ও প্রাধ্যক্ষের কার্যালয়ও ভাঙচুর চালান। একপর্যায়ে বেশ কিছু চেয়ার, টেবিল ও সোফা প্রধ্যক্ষের কার্যালয়ের সামনে একত্র করে শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দেন। এরপর শিক্ষার্থীরা দফায় দফায় হলে মিছিল করেন। এ সময় তাঁরা সমস্যা সমাধান করতে না পারলে প্রয়োজনে পদত্যাগ করার জন্য হলের প্রাধ্যক্ষের প্রতি আহ্বান জানান।হলের ছাত্র ফাহাদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আবাসন সংকটের কারণে কয়েক শ শিক্ষার্থী বিভিন্ন বারান্দায় থাকতে বাধ্য হলেও হলের চারটি বর্ধিত ভবনে শিক্ষক ও কর্মচারীদের জায়গা করে দেওয়া হয়েছে। এ ছাড়া পাঠকক্ষে চেয়ার-টেবিল সংকট, কক্ষে কক্ষে ছারপোকার উত্পাত, সপ্তাহের কয়েক দিন টিভি নষ্ট থাকা, বাথরুম ও টয়লেটে ছিটকারি না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ, মশার উত্পাতসহ নানা সমস্যার মধ্যে এ হলের শিক্ষার্থীদের থাকতে হচ্ছে। এ ছাড়া পুরো বিশ্ববিদ্যালয়ের পানি নিঃসংকোচে পান করা গেলেও এ হলের পানির অবস্থা ওয়াসার পানির চেয়ে খারাপ হয়ে গেছে। পানিতে প্রচুর ময়লা ও দুর্গন্ধ নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হল প্রাধ্যক্ষের সঙ্গে এ ব্যাপারে বারবার যোগাযোগ করা হলেও তিনি এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনার বিস্ফোরণ ঘটেছে।প্রাধ্যক্ষ গোলাম মোহাম্মদ চৌধুরী বলেন, ছাত্রদের দাবিগুলো যৌক্তিক। কিন্তু এগুলো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমস্যার অংশ হওয়ায় এক দিনে তা সমাধান করা সম্ভব নয়। আবাসন সংকট সম্পর্কে প্রাধ্যক্ষ বলেন, সলিমুল্লাহ মুসলিম হল ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত হওয়ায় এখানে নতুন ভবন নির্মাণ করা কঠিন। তবে বিশ্ববিদ্যালয় থেকে যদি আবাসিক ছাত্রের বরাদ্দ কমিয়ে দেওয়া হয় তাহলেই সমস্যার সমাধান সম্ভব।