এস কে সিনহা দেশের ২১তম প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস কে সিনহা
এস কে সিনহা

দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি এস কে সিনহা নামে পরিচিত।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতি হিসেবে এস কে সিনহাকে নিয়োগ দেন। আইন মন্ত্রণালয় গতকাল সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগ ১৭ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বিচারপতি এস কে সিনহা বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন অবসরে যাচ্ছেন ১৬ জানুয়ারি।
গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান প্রথম আলোকে বলেন, ১৭ জানুয়ারি বেলা ১১টায় বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান হবে।
বিচারপতি এস কে সিনহার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে। তাঁর জন্ম ১৯৫১ সালের ১ ফেব্রুয়ারি। এই হিসেবে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি প্রধান বিচারপতির পদে থাকতে পারবেন।
বিচারপতি এস কে সিনহা ১৯৭৪ সালে সিলেট বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
হাইকোর্টে বিচারক হিসেবে নিয়োগ পান ১৯৯৯ সালের ২৪ অক্টোবর এবং আপিল বিভাগের বিচারপতি হন ২০০৯ সালের ১৬ জুলাই।
কমলগঞ্জে আনন্দ: কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, বিচারপতি এস কে সিনহা প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় কমলগঞ্জের মানুষ আনন্দিত। কমলগঞ্জের বিভিন্ন স্থানে মানুষ খুশিতে মিষ্টি বিতরণ করেন।
বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সম্পাদক সমরজীৎ সিংহ বলেন, বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যোগ্যতম ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগ করায় শুধু মণিপুরি সম্প্রদায় নয়, অন্যান্য নৃ-জাতিগোষ্ঠীর জন্যও এটি আনন্দের খবর।
বিচারপতি এস কে সিনহার ছোট ভাই সাবেক ব্যাংকার নীল মণি সিনহা বলেন, এ খবর শুনে পুরো কমলগঞ্জবাসীর সঙ্গে তিনিও খুশি।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রয়াত শিক্ষক ললিত মোহন সিনহা ও ধনবতী সিনহা দম্পতির বড় ছেলে বিচারপতি এস কে সিনহা। তাঁদের গ্রামের বাড়িতে থাকেন তাঁর একমাত্র ছোট ভাই নীল মণি সিনহা। এস কে সিনহার স্ত্রী সুষমা সিনহা। তাঁদের বড় মেয়ে সূচনা সিনহা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। ছোট মেয়ে আশা রানী সিনহা ভারতে পড়াশোনা শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন।