এস কে সিনহার মামলা তদন্ত করবে দুদক

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে করা ঘুষ চাওয়ার মামলার নথি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৌঁছেছে। এ নিয়ে তদন্ত করতে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ বুধবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সামনে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ‘এটি দুদক আইনে পড়বে কি না, তা বিচার–বিশ্লেষণ করে দেখা হবে। এ নিয়ে তদন্ত করা হবে। একজন তদন্তকারী নিয়োগ দেওয়া হবে।’
গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন বিএনপির সাবেক নেতা, মন্ত্রী ও আইনজীবী নাজমুল হুদা। বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি নাজমুল হুদা মামলার এজাহারে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেন এস কে সিনহার বিরুদ্ধে। আদালতের মাধ্যমে মামলাটি তদন্তের জন্য দুদকে এসেছে।
মামলা প্রসঙ্গে দুদকের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আইনের বাইরে যাওয়া যাবে না। তদন্ত কর্মকর্তা কী করবেন, তা আমি বলতে পারব না। আমি তো অভিযোগ বিচার–বিশ্লেষণ এখনো করতে পারিনি। এটি আদালতের মাধ্যমে দুদকে এসেছে। আদালত তো কিছু না বুঝে আমাদের দেননি। তদন্ত আমাদের করতে হবে, এটা স্বতঃসিদ্ধ। কিছু একটা না থাকলে আদালত আমাদের দেবেন না।’
আরেক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, তদন্ত কর্মকর্তা যদি মনে করেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে তাঁকে যথারীতি জিজ্ঞাসাবাদ করবেন। সেটা কীভাবে হবে, তা তদন্ত কর্মকর্তা নির্ধারণ করবেন। তবে জিজ্ঞাসাবাদ করা ম্যান্ডেটরি (বাধ্যতামূলক) নয়।
সাবেক প্রধান বিচারপতিকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করার সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের আইনে সব ব্যবস্থা রয়েছে। আনার প্রক্রিয়া নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশনে আছে। তবে এটা অনেক পরের বিষয়।’
ফারমার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে এস কে সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা–সংক্রান্ত অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, এতে যে-ই জড়িত থাকুক না কেন, আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল মাহমুদ বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ভাই অনন্ত কুমার সিনহা নাগরিক না হয়ে মাত্র দুই বছরে কীভাবে আমেরিকায় বাড়ি কিনলেন, সে বিষয়টিও খতিয়ে দেখছে দুদক।’
চেয়ারম্যান বলেন, ‘যতটুকু তথ্য পাওয়া গেছে, সেখানে দেখা যায় ২ লাখ ৮০ হাজার ডলারে একটি বাড়ি কেনা হয়েছে। আমরা যতটুকু বুঝেছি, দুই বছর আগে যখন কোনো ব্যক্তি কোনো দেশে যান, তাহলে তাঁর পক্ষে নাগরিক হওয়া সম্ভব নয়। যেহেতু তিনি নাগরিক হতে পারেননি, সেহেতু তাঁর অবৈধ সম্পদ দেখার বিষয়টি আমাদের দায়িত্ব। সে কারণে অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছি।’