রাজধানীর উপকণ্ঠ সাভার মডেল থানার সেই উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) ও চার কনস্টেবলকে সামায়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ফেনসিডিল ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।বরখাস্ত করা পুলিশ সদস্যরা হলেন এসআই পল্টু ঘোষ, এএসআই জাফর ইকবাল, কনস্টেবল আবদুল মালেক, হুমায়ুন কবীর, লুৎফর রহমান ও রহমত আলী।৮ মে প্রথম আলোয় ‘থানায় ফেনসিডিল ব্যবসা!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের ভিত্তিতে অভিযোগ তদন্তে ওই দিনই পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে একটি এবং ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়াকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।ঢাকার পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, একটি তদন্ত কমিটির তদন্তের ওপর ভিত্তি করে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মঙ্গলবার এক আদেশে এসআই পল্টু ঘোষ, এএসআই জাফর ইকবাল ও চার কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করেন।ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ওই ছয়জনকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।