এসআই ও কনস্টেবলের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় একজন উপপরিদর্শকসহ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুন্নাহার বেগমের আদালতে নিহত ব্যক্তির ভাই মুজিবর রহমান এ মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে এটিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মাগুরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় মাগুরা সদর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) শেখ মো. আসাদুজ্জামান ও কনস্টেবল মো. জাহাঙ্গীর আলমসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মামলার বিষয়টি এখনো জানি না। মামলা হলে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।মামলায় বাদী উল্লেখ করেন, তাঁর ছোট ভাই আবুল বাসারের (৪০) পারলা গ্রামের বাড়িতে পুলিশ গত ১৯ এপ্রিল দিবাগত রাত তিনটার দিকে হানা দেয়। বাসারকে আটকের পর বাড়ির কাছেই তাকে সবার সামনে গুলি করে হত্যা করে পুলিশ। ওই অভিযানে মাগুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. আসাদুজ্জামান ও পুলিশ কনস্টেবল মো. জাহাঙ্গীর আলম অংশ নেন। এ সময় পুলিশের সহযোগী হিসেবে সাত-আটজন মুখোশধারী ব্যক্তি উপস্থিত ছিল। মামলার বাদী মুজিবর রহমান বলেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি পুলিশকে দিয়ে বাসারকে হত্যা করেছে।অভিযোগ প্রসঙ্গে মাগুরা সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শেখ মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই দিন রাত সাড়ে তিনটার দিকে শহরের ঢাকা রোড এলাকায় টহল দিচ্ছিলাম। এ সময় ছিনতাই হতে দেখলে ছিনতাইকারী আবুল বাসারকে ধাওয়া করি। ধরা পড়ার উপক্রম হলে বাসার পিস্তল বের করে আমাকে গুলি করতে উদ্যত হয়। এ সময় জীবন বাঁচাতে তাকে লক্ষ্য করে তিনটি গুলি করি। পরে সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত ২১ এপ্রিল প্রথম আলোতে ‘পুলিশের গুলিতে একজন নিহত’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। এর পর ঢাকার আইন ও সালিশ কেন্দ্র থেকে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্তদল মাগুরায় আসে। তদন্তদলের প্রধান অনির্বাণ সাহা বলেন, নিহত ব্যক্তির স্বজনেরা দাবি করেছেন, তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। পুলিশ বলেছে, ছিনতাই করে পালানোর সময় তাকে পুলিশ গুলি করে। তবে যাই ঘটুক, বিনা বিচারে কাউকে হত্যা সমর্থনযোগ্য নয়।