এসআই গৌতম হত্যা মামলা তদারকি সেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল থানার উপপরিদর্শক (এসআই) গৌতম রায় হত্যাসহ সাম্প্রতিক তিনটি চাঞ্চল্যকর হত্যা মামলা তদারকি সেলে স্থানান্তর করা হয়েছে।অন্য মামলা দুটি হলো ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কর্মী ফারুক হোসেন এবং রাজধানীর আদাবর এলাকার ছাত্রলীগের কর্মী রমিজ উদ্দিন হত্যা মামলা।গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদারকি সেলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান।গৌতম হত্যার ঘটনায় পুলিশ ও র‌্যাব পৃথক আসামি আটক করে তারা হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করছে। উভয় বাহিনীর একই নামের দুই ব্যক্তিকে ধরা নিয়ে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষে চার্জশিট (অভিযোগপত্র) হলেই প্রকৃত আসামিদের নাম জানা যাবে।নতুন মামলার অন্তর্ভুক্তি প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি। তা ছাড়া কাউকে হয়রানি করাও মামলাগুলো তদারকি সেলে অন্তর্ভুক্তির উদ্দেশ্য নয়।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ পর্যন্ত ৩৮১টি ‘চাঞ্চল্যকর’ মামলা তদারকি সেলে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ৩৪৫টির নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হয়নি ৩৬টি মামলা। আর নিষ্পত্তির অপেক্ষায় আছে পাঁচটি।গতকালের বৈঠকে অনিষ্পন্ন যেসব মামলা নিয়ে আলোচনা করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে পিরোজপুরের অ্যাডভোকেট গিয়াস উদ্দিন খান হত্যা, রাজধানীতে গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলাম ও তাঁর ছেলে তমোহর ইসলামকে পুড়িয়ে হত্যা মামলা, খুলনার ইকবাল বিথার হত্যা মামলা, দাউদকান্দিতে অগ্রণী ব্যাংকের এক কোটি ৩৩ লাখ টাকা চুরি মামলা এবং ঝালকাঠিতে জেএমবির দুই বিচারক হত্যা মামলার পিপি মো. হায়দার হোসাইন হত্যা মামলা।সংশ্লিষ্ট সূত্র জানায়, গণতন্ত্রী পার্টির নেতা নূরুল ইসলাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তারা এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। মামলাটি আবার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইকবাল বিথার হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হচ্ছে শিগগিরই। ঝালকাঠির পিপি হত্যা মামলার অভিযোগপত্র হয়ে গেছে।বৈঠকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, র‌্যাবের মহাপরিচালক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর ধোলাইখাল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বংশাল থানার এসআই গৌতম রায়। ফারুক হোসেন নিহত হন গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষে। এ ছাড়া ছাত্রলীগের নেতা রমিজ উদ্দিন গত ১৩ এপ্রিল রাজধানীর আদাবর শেখেরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।