এসআই জাহিদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসআই জাহিদ
এসআই জাহিদ

ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওরফে সুজনকে পিটিয়ে হত্যার জন্য অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান খানকে গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে গতকাল রাত পর্যন্ত কোনো মামলা হয়নি। স্বজনেরা বলছেন, মিরপুর থানায় মামলা করতে তাঁরা আস্থা পাচ্ছেন না। আজ বৃহস্পতিবার তাঁরা আদালতে মামলা করবেন।
গত শনিবার মধ্যরাতে রাজধানীর শঙ্কর এলাকা থেকে মাহাবুবুর রহমান, তাঁর স্ত্রী মমতাজ সুলতানা ও পাঁচ বছরের শিশুসন্তান মোশাররফকে মিরপুর থানায় ধরে নিয়ে যান এসআই জাহিদ। পরে থানায় মমতাজ ও তাঁর সন্তান মোশাররফকে এক কক্ষে রেখে পাশের কক্ষে মাহাবুবুরের ওপর পুলিশ নির্যাতন চালায় বলে অভিযোগ করেন মমতাজ। ভোরের দিকে মাহাবুবুরের মৃত্যু হয়।
মাহাবুবুরের পরিবার তাঁকে ‘হত্যা’র জন্য এসআই জাহিদসহ মিরপুর থানার কয়েকজন কর্মকর্তাকে দায়ী করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার এসআই জাহিদকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয় ও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। পরে গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, মাহাবুবুরের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববারই জাহিদকে কর্তব্য থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর গতকাল মাহাবুবুরের ময়নাতদন্ত প্রতিবেদন আসে পুলিশের হাতে। সেখানে মৃত্যুর কারণ হিসেবে লেখা রয়েছে, ‘হোমিসাইডাল’ (হত্যাজনিত)। এরপরই তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়। বিকেল পাঁচটার দিকে রূপনগর এলাকা থেকে এসআই জাহিদকে গ্রেপ্তার করা হয়। এরপর নিহত মাহাবুবুরের পরিবারকে ডাকা হয় মামলা দায়েরের জন্য।
তবে গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত নিহতের পরিবারের কেউ মামলা দায়েরের জন্য থানায় যাননি। মাহাবুবুরের মা সাহিদা আক্তার রাতে প্রথম আলোকে বলেন,‘আমাদের অভিযোগ মিরপুর থানার পুলিশের বিরুদ্ধে। সেখানেই মামলা করতে আমরা আস্থা পাচ্ছি না। তাই এ বিষয়ে আদালতে মামলা করা হবে।’
পরিবারের সদস্যরা জানান, মাহাবুবুরকে হত্যার অভিযোগে একটি এবং তাঁর স্ত্রী ও পাঁচ বছরের সন্তানকে নির্যাতনের অভিযোগে আরেকটি মামলা করা হবে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন খান প্রথম আলোকে বলেন, জাহিদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ আছে এবং ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার প্রমাণ মিলেছে, তাই তাঁকে সন্দেহভাজন হিসেবে (৫৪ ধারায়) গ্রেপ্তার করা হয়েছে। যাতে তিনি মামলা হওয়ার পরে পালিয়ে যেতে না পারেন। এখন জাহিদের বিরুদ্ধে হত্যা মামলা হবে। নিহত মাহাবুবুরের স্বজনেরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে হত্যা মামলা করবে।
স্বজনেরা ওসিকেও নির্যাতনে প্রশ্রয় দেওয়ার জন্য দায়ী করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘ঘটনা শোনার পরে আমি পুরোপুরি আইনগত পদক্ষেপ নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন এলাকার কিছু দুষ্ট লোকের প্ররোচনায় তাঁরা (স্বজনেরা) আমাকে জড়াতে চাচ্ছেন।’
সিসিটিভির ফুটেজে দেখা যায়, শনিবার রাত একটা ৪৫ মিনিটে মাহাবুবুরকে নিয়ে থানায় ঢোকেন এসআই জাহিদ ও তাঁর দল। তখন মাহাবুবুরের পরনে ছিল প্যান্ট ও টিশার্ট। তাঁকে হেঁটে থানায় ঢুকতে দেখা যায়। এর ঠিক দুই ঘণ্টা পরে আবার মাহাবুবুরকে নিয়ে বের হয়ে যান এসআই জাহিদ। তখন মাহাবুবুরের পরনে ছিল শুধু একটি গামছা। ওই অবস্থায় তাঁকে বের করার সময় থানার ফটকে এসে কেউ একজন একটি লুঙ্গি পরিয়ে দেন। তখনো মাহাবুবুরকে স্বাভাবিকভাবে হেঁটে বেরিয়ে যেতে দেখা যায়।
তবে ওসি সালাহউদ্দীন খান বলেন, এসআই জাহিদের ডিউটি ছিল সকাল নয়টা থেকে রাত নয়টা। কিন্তু তিনি নয়টায় বাসায় না গিয়ে বেআইনিভাবে পুলিশের গাড়ি ও দল (ফোর্স) ব্যবহার করেন। ডিএমপির নির্দেশনা আছে, থানা এলাকার বাইরে থেকে আসামি ধরতে হলে ঊর্ধ্বতন (সহকারী কমিশনারের ওপরে) কর্মকর্তাদের জানাতে হবে। কিন্তু এসআই জাহিদ থানারই কাউকে জানাননি, এমনকি ওসিকেও না। পুলিশের নিয়মানুযায়ী, আসামি ধরতে গেলে যে কমান্ড সার্টিফেকেটের প্রয়োজন হয়, এসআই জাহিদ তাও নেননি। তিনি আসামিকে নিয়ে থানা থেকে বের হওয়ার সময়ও কারও অনুমতি নেননি। ওসির দাবি, ভোর সাড়ে পাঁচটার দিকে জাহিদ তাঁকে ফোন করে জানান মাহাবুবুর মারা গেছে। এর পরে ওসি বিষয়টি ঊর্ধ্বতনদের জানান।
নিহত মাহাবুবুরের স্ত্রী মমতাজ সুলতানাকে সাদা কাগজে স্বাক্ষর দিতে বাধ্য করার অভিযোগ প্রসঙ্গে ওসি সালাহউদ্দীন বলেন, মমতাজ সুলতানার কাছে অস্ত্র রয়েছে বলে এসআই জাহিদ বারবারই বলছিলেন। কিন্তু পরে তাদের মনে হয়েছে মমতাজ নির্দোষ। এর পরে ছেলেসহ তাঁকে ছেড়ে দেওয়া হয়। নিয়মানুযায়ী থানায় আটক ব্যক্তিকে ছাড়ার আগে একটি মুচলেকা নিতে হয়। মমতাজের কাছে তাই নেওয়া হয়েছে। এটি কোনোভাবেই সাদা কাগজে স্বাক্ষর নয়।