ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওরফে সুজনকে নির্যাতন করে হত্যার অভিযোগে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান খানসহ পুলিশের চার সদস্য ও চারজন তথ্যদাতার (সোর্স) বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মিরপুর থানায় এই মামলা করেন এসআই রকিবুল ইসলাম খান।
মামলার অন্য আসামিরা হলেন এএসআই রাজকুমার, কনস্টেবল আনোয়ার ও রাশিদুল এবং সোর্স নাসিম, পলাশ, ফয়সাল ও খোকন। এঁদের মধ্যে এসআই জাহিদ ও নাসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনকে গতকাল পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকিরা পলাতক।
মামলার এজাহারে বলা হয়েছে, এসআই জাহিদ গত শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মিরপুরের প্রিন্স বাজারের সামনে থেকে মিথুন ও জাকির নামের দুই যুবককে ১৪৫টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেন। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী হাজারীবাগ থানার পশ্চিম জাফরাবাদ থেকে দুটি ম্যাগাজিন ও ১০টি গুলিসহ মাহাবুবুর, তাঁর স্ত্রী মমতাজ সুলতানা ও শিশুপুত্র মোশাররফকে রাত একটা ৪৮ মিনিটে থানায় নিয়ে আসা হয়। রাত তিনটা ৪৩ মিনিটে মাহাবুবুরকে নিয়ে থানা থেকে ফোর্সসহ বের হন এসআই জাহিদ। ভোর পাঁচটা ২৭ মিনিটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে এসআই জাহিদ জানান, মাহাবুবুরের মৃত্যু হয়েছে। মাহাবুবুরের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর মৃত্যুর কারণ ‘হত্যাজনিত’। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় জখমও দেখা গেছে। মাহাবুবুরের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, এসআই জাহিদ তাঁদের বাসা থেকে ধরে নিয়ে আসার সময় বাসার বাথরুমে আটকে মাহাবুবুরকে মারধর করেন। থানায় আনার পরও মাহাবুবুরকে মারধর করা হয়।
এজাহারে আরও বলা হয়, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা ও অনুসন্ধানে প্রতীয়মান হয় যে এসআই জাহিদ অন্য আসামিদেরসহ মাহাবুবুরকে ধরে ভাড়া বাসা ও মিরপুর থানা এলাকার বিভিন্ন স্থানে নির্যাতন করেন। যার ফলে মাহাবুবুরের মৃত্যু হয়। নিহত মাহাবুবুরের স্বজনদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা থানায় এসে হত্যা মামলা করেননি। তাই ঊর্ধ্বতনদের সিদ্ধান্ত অনুযায়ী এই মামলা করা হলো।
মাহাবুবুরের মা শাহিদা বেগম প্রথম আলোকে বলেন, তাঁরা মিরপুর থানার কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাহাবুবুরকে হত্যার অভিযোগ করছেন। তাই ওই থানায় তাঁরা মামলা করবেন না, থানায় তাঁদের আস্থা নেই।
নিহত মাহাবুবুরের শ্যালক ওমর ফারুক হাসান বলেন, ‘আমরা আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। তবে সাপ্তাহিক ছুটির কারণে রোববারের আগে মামলা হচ্ছে না। আমরা হত্যা, নারী নির্যাতনের অভিযোগে একাধিক মামলা করব।’
মাহাবুবুরের স্বজনদের অভিযোগ, চাহিদামতো চাঁদা না দেওয়ায় মাহাবুবুরকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
মিরপুর থানার পুলিশ জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে পুলিশ এসআই জাহিদকে ও রাতে সোর্স নাসিমকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে। গতকাল সকালে পুলিশের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়। আদালতে দুজনকে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হলে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।