এসআই জাহিদুলের শাস্তির দাবিতে থানা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের শাস্তির দাবিতে থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী সিরাজদিখান থানা ঘেরাও করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকালে শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক থানা ঘেরাও করে জাহিদুলের শাস্তি দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষক এসআই জাহিদুলের ফাঁসি চাই’ স্লোগান দেয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘেরাও কর্মসূচি চলাকালে তারা সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে পুলিশ সুপার বরাবর একটি সঞ্চারকলিপি দেয়। ওসি ধর্ষণের ঘটনায় জাহিদুলের শাস্তির আশ্বাস দিলে ঘেরাওকারীরা ফিরে যায়।

শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘আজ রক্ষক ভক্ষকের ভূমিকা পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন মেয়েদের রক্ষা না করে উত্ত্যক্ত ও ধর্ষণ করছেন। এ পরিস্থিতিতে মানুষ কোথায় গিয়ে নিরাপত্তা পাবে?’

 সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার প্রথম আলোকে জানান, গ্রেপ্তারকৃত এসআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিলে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা ফিরে যান।

 সিরাজদিখানে গত বৃহস্পতিবার রাতে ওই স্কুলছাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জাহিদুল ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। শুক্রবার রাতে স্কুলছাত্রীর বাবা মামলা করলে জাহিদুলকে পুলিশ গ্রেপ্তার করে।