এসআই নিখোঁজের পর অচেতন অবস্থায় উদ্ধার
রংপুরের মিঠাপুকুর থানা পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) নিখোঁজের দুই দিন পর অচেতন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় গত শুক্রবার রাতে তাঁকে ঢাকার সমিঞ্চলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মিঠাপুকুরে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ-বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাপক সংঘর্ষ হয়। এতে জামায়াত-শিবিরের ছয়জন মারা যান। এ ঘটনার ছয় দিন পর ৬ মার্চ রাত থেকে মিঠাপুকুর থানার এসআই আবদুর রহিম নিখোঁজ হন। তিনি থাকতেন থানা চত্বরের পুলিশ কোয়ার্টারে। নিখোঁজ হওয়ার আগে রাত ১০টায় তিনি থানা থেকে বিদায় নেন। এরপর অনেক খোঁজ করার পরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর ব্যবহূত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার রাত ১০টার দিকে তিনি (এসআই) আমার কাছ থেকে বিদায় নেওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানেও যাননি।’ ওসি আরও জানান, মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাগলারহাট এলাকার লোকজন বৃহস্পতিবার ভোরে তাঁকে মুমূর্ষু অবস্থায় প্রথমে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ওই দিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত দেখিয়ে ভর্তি করেন। তখন তিনি সাদা পোশাকে ছিলেন। আহত পুলিশ কর্মকর্তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসুপাড়া গ্রামে। তাঁর স্ত্রী নাজমা পারভীন বলেন, ওই দিন (বুধবার) রাত ১০টার দিকে মুঠোফোনে মেয়েদের খোঁজখবর নেন তিনি। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।