পাবনার শিশু গৃহপরিচারিকা রোমেলা খাতুনকে নির্যাতনের ঘটনায় সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি শাহেদের স্ত্রী সুইটি বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা তদন্তের ভার চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজন বড়ুয়া মামলাটি তদন্ত করবেন। আজ সোমবার তিনি রোমেলার বক্তব্য রেকর্ড করবেন বলে কথা রয়েছে। শাহেদ আলী ও সুইটি বেগম পলাতক রয়েছেন।চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার নুর এ আলম বলেন, ‘শনিবার রাতে শাহেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সাহেদ আলীর ছুটিও বাতিল করা হয়েছে। তিনি এলেই বরখাস্তের আদেশ কার্যকর হবে।’ তিনি আরও বলেন, ‘সুইটি বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তা পাবনার সাঁথিয়া ও তাঁর বাবার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু শাহেদ সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন, তাই ওই থানার কাউকে এই মামলার তদন্তভার না দিয়ে গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।’জানা গেছে, তদন্তের দায়িত্ব পাওয়ার পর ওসি বিজন বড়ুয়া গতকালই চট্টগ্রাম থেকে পাবনার উদ্দেশে রওনা দেন। প্রাথমিক তদন্তে শাহেদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে তাঁকেও গ্রেপ্তার করা হবে বলে নূর এ আলম জানান। সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া মামলার ২ নম্বর আসামি শাহেদ। ১ নম্বর আসামি তাঁর স্ত্রী সুইটি। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বজলুর রশিদ জানান, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। এদিকে শাহেদ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেছে পাবনার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন। জেলা শ্রমিক দল গতকাল দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে। একই দাবি জানিয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী বলেন, ‘অপরাধী যে-ই হোক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা দোষীদের শাস্তি দাবি করি।’ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুর রহমান বলেন, ‘সভ্যতার এই যুগে ঘটনাটি বেদনাদায়ক। এ ধরনের ঘটনা বন্ধে দোষীদের শাস্তি হওয়া দরকার।’নারী নির্যাতন নেটওয়ার্ক পাবনা জেলা শাখার সভাপতি জিনাত আরা বলেন, শিশুটির বইখাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা। কিন্তু সে পেটের তাগিদে কাজ করতে গিয়েছিল। তার ওপর এই বর্বরোচিত নির্যাতন মেনে নেওয়া যায় না। সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের গোটেংরা গ্রামের ইয়াজ উদ্দিন তাঁর মেয়ে রোমেলা খাতুনকে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ আলীর বাসায় গৃহপরিচারিকার কাজ করতে পাঠিয়েছিলেন। সেখানে শাহেদ আলীর স্ত্রী সুইটি বেগম রোমেলার ওপর নির্যাতন চালান বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে রোমেলা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।