এসআই বরখাস্ত, গ্রেপ্তার হওয়া ৮ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে গত শুক্রবার জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জন নিহত হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় গ্রেপ্তার আটজনকে কারাগারে পাঠানো হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা হলেন ময়মনসিংহ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম। মাঝ রাত থেকে ভোর পর্যন্ত ওই বাড়ির সামনে জাকাতের কাপড় সংগ্রহ করার জন্য কয়েক হাজার মানুষ জড়ো হলেও সাইদুল ইসলাম কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক।
হতাহতের ঘটনায় নূরানী জর্দা কারখানার মালিক শামীম তালুকদার, তাঁর ছেলে হেদায়েদ ইসলাম, কারখানার ব্যবস্থাপক ইকবাল হোসেনসহ গ্রেপ্তার হওয়া আটজনকে গতকাল দুপুরে ময়মনসিংহের বিচারিক আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। বিচারিক আদালতের হাকিম আহসান হাবিব আজ রোববার রিমান্ড আবেদনের শুনানির তারিখ ধার্য করে আটজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী সড়কে শামীম তালুকদারের বাড়ি থেকে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে ভিড়ের চাপে পদদলিত হয়ে ২২ নারী ও ৫টি শিশু নিহত হয়। সেখানে কয়েক হাজার মানুষ জড়ো হওয়ার বিষয়টি পুলিশ তার নিজস্ব সোর্সের মাধ্যমে জেনেও ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।
গতকাল বেলা ১১টার ময়মনসিংহ শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে প্রগতিশীল কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ২৭ জন নিহত হওয়ার ঘটনায় শোক ও প্রতিবাদ সমাবেশেও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। সমাবেশ শেষে বাংলাদেশ যুব ইউনিয়নের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রব বলেন, পুলিশ আন্তরিক হলে নিজ দায়িত্বে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারত।
জানতে চাইলে পুলিশ সুপার মঈনুল হক প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে পুলিশ ভাবছে। ইতিমধ্যে ওই রাতে দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশকে আগে জানাতে হবে: বড় আয়োজন করে জাকাত দেওয়ার অন্তত এক দিন আগে তা জানাতে বলেছে পুলিশ। অনিয়ন্ত্রিত জনসমাবেশে যাতে নিরাপত্তার ব্যবস্থা করা যায়, সে জন্যই এই অনুরোধ জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম।
নজরুল ইসলাম গতকাল বিবিসি বাংলাকে বলেন, ‘গতকালের ঘটনার পর আমরা পাবলিক সেফটি বা জননিরাপত্তার ব্যাপারে জনগণকে একটা বার্তা দিয়েছি। যেখানে অনিয়ন্ত্রিত জনসমাবেশ হওয়ার সম্ভাবনা আছে, জনগণের নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কা আছে, সেখানে যদি আমাদের আগাম নোটিশ দেওয়া হয়, তাহলে সেখানে আমরা নিরাপত্তার ব্যবস্থা করব।’