এসআই মাসুদকে গ্রেপ্তার ও শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাব্বীর বর্তমান ও সাবেক সহকর্মী, বন্ধু, সহপাঠী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘গোলাম রাব্বীর শুভাকাঙ্ক্ষীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন করে তাঁরা এই দাবি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীর আতঙ্ক কাটেনি। স্বজনদের কাছে ওই রাতের ঘটনা বলার সময় তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন।
মানববন্ধনে রাব্বীর সাবেক সহকর্মী জাহিদ হাসান বলেন, এসআই মাসুদ পুলিশের পোশাক পরিহিত একজন সন্ত্রাসী। গোলাম রাব্বীকে অমানবিক নির্যাতনের মাধ্যমে তিনি ফৌজদারি অপরাধ করেছেন। সে আইনেই তাঁর বিচার করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরাম হোসাইন বলেন, গণমাধ্যমকে আইজিপি জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনা হবে। কিন্তু এখনো পর্যন্ত এ ধরনের কোনো তদন্তের কথা শোনা যায়নি। তিনি বলেন, ‘আমরা চাই এসআই মাসুদকে অবিলম্বে গ্রেপ্তার করে প্রচলিত আইনে বিচারের আওতায় আনা হোক।’
শিক্ষার্থী শাকের আহমেদ বলেন, গোলাম রাব্বীর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। আবদুল কাদেরের পায়ে গুলি করে তাঁকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। গত বছরও একটি জাতীয় দৈনিকের একজন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন।
মোহাম্মদপুরে খালার বাসা থেকে কল্যাণপুরে নিজ বাসায় ফেরার পথে রাব্বীকে গত শনিবার রাতে মোহাম্মদপুর থানার টহল পুলিশ ‘ইয়াবা ব্যবসায়ী’ অভিহিত করে গাড়িতে তোলে। রাব্বীকে গাড়িতে এসআই মাসুদ ‘ক্রসফায়ারে’র হুমকি দিয়ে টাকা দাবি করেন ও নির্যাতন করেন। পরদিন রাব্বী এ বিষয়ে মোহাম্মদপুর থানায় এসআই মাসুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। নির্যাতনের শিকার ওই ব্যাংক কর্মকর্তা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়েছে।
রাব্বীর সহপাঠী ও বন্ধুরা মনে করছেন, এই শাস্তি মোটেও যথেষ্ট নয়।
গণমাধ্যমকর্মী মেজবাহ শিমুলের সঞ্চালনায় মানববন্ধনে রাব্বীর বিশ্ববিদ্যালয়জীবনের কয়েকজন সহপাঠীও বক্তব্য দেন।