বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নয় দিনেও মাসুদের বিরুদ্ধে মামলা না হওয়ায় আদালত উষ্মা প্রকাশ করেন।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। শুনানির সময় আদালত মন্তব্য করেন, মাসুদ শিকদার ফৌজদারি অপরাধ করেছেন। সাময়িক বরখাস্ত তাঁর জন্য যথেষ্ট নয়, তাঁকে স্থায়ী বরখাস্ত করা উচিত।
এসআই মাসুদের বিরুদ্ধে মামলা ও তাঁকে গ্রেপ্তার, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও নির্যাতনের শিকার গোলাম রাব্বীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে গত রোববার এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী ও একজন সাংবাদিক। গতকাল ওই আবেদনের ওপর প্রাথমিক শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। তিনি শুনানিতে বলেন, এসআই মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ সময় আদালত বলেন, সাময়িক বরখাস্ত কেন? তাঁকে (এসআই মাসুদ) স্থায়ীভাবে বাদ দেওয়া উচিত। তিনি ফৌজদারি অপরাধ করেছেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল এক দিন সময়ের আরজি জানিয়ে বলেন, এসআই মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এগুলো আদালতের সামনে উপস্থাপনের জন্য সময় দরকার।
আদালত বলেন, ‘৯ তারিখের ঘটনা, আজ ১৮ তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। এরপর আপনারা আর কী চান? এত দিনেও এফআইআর (এজাহার) নিল না কেন? তিনি (গোলাম রাব্বী) কি দেশের নাগরিক নন? তাঁর কি সুরক্ষা পাওয়ার অধিকার নেই?’
পরে ১১ জানুয়ারি রাব্বীর করা লিখিত অভিযোগ মামলার এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তাঁকে হেফাজতে নিয়ে নির্যাতন করা কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দেন।