এসআই রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগীয় তদন্ত কমিটি আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদারের বিরুদ্ধে রাজধানীর শ্যামলী এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পেলেও পুলিশের কমিটি পায়নি। তবে অভিযোগ ওঠার পর রতনকে সাময়িক বরখাস্ত করা হয়। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দীন গতকাল মঙ্গলবার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
গত ৩১ জানুয়ারি মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে এসআই রতন কুমার হালদার বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। পরদিন তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলা করেন। তখন আদালত মামলা আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। গতকাল এসআই রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তবে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এসআই রতন এখন রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত আছেন। আর তিনি আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আদেশ পাননি।
গত মাসে পুলিশের দুজন কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে নিপীড়নের অভিযোগ ওঠে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি মিরপুরে চা-দোকানি বাবুল মাতবরকে পুড়িয়ে মারার ঘটনায় শাহ আলী থানার তৎকালীন ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পায় পুলিশেরই গঠিত দুটি তদন্ত কমিটি।