এসআই রতনের বিরুদ্ধে ছাত্রীকে হেনস্তার সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদারের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগের সত্যতা পেয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ তদন্ত প্রতিবেদন জমা দেন।
এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, রতনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
গতকাল রাতে জানতে চাইলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, রতনের বিরুদ্ধে ওই ছাত্রীকে হেনস্তা করার যে অভিযোগ, তা পুলিশের তদন্তে পাওয়া যায়নি। তবে ওই ছাত্রীর রিকশা থামিয়ে রতন তাঁর সঙ্গে কথা বলেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। রতনের এই কাজটি ঠিক হয়নি।
তবে অভিযোগ অস্বীকার করে এসআই রতন প্রথম আলোকে বলেন, বিচার বিভাগীয় প্রতিবেদন তিনি এখনো দেখেননি। তিনি নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান।
গত ৩১ জানুয়ারি মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে এসআই রতন ওই ছাত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। ওই রাতেই রতনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরদিন তাঁর বিরুদ্ধে ওই ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলা করেন। আদালতে ওই ছাত্রী বলেছিলেন, ঘটনার দিন বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষে রিকশায় করে ফেরার পথে মোহাম্মদপুরের শিয়া মসজিদের সামনে আদাবর থানার এসআই রতন রিকশা থামিয়ে তাঁকে নামতে বলেন। এ সময় রতনের সঙ্গে দুজন কনস্টেবল ছিলেন। এরপর তাঁকে একটি দোকানে ঢুকতে বলেন ওই এসআই। ঢোকার পর এসআই রতন তাঁর (ছাত্রী) কাছে ২০০ ইয়াবা আছে বলে দাবি করেন। দোকান থেকে সবাইকে বের করে দিয়ে তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়। তাঁর জ্যাকেট খুলতে বলা হয় এবং নানা ধরনের কটূক্তি করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে তাঁকে হয়রানি করা হয়। ওই ছাত্রীর অভিযোগ আমলে নিয়ে আদালত বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক তদন্ত শেষে মুখ্য মহানগর হাকিমের কাছে গত মঙ্গলবার প্রতিবেদন দেন। মুখ্য মহানগর হাকিম গতকাল এই প্রতিবেদন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে জমা দেন।
বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে এসআই রতনের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই তদন্তে পাঁচজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এঁদের মধ্যে দুজনকে নিরপেক্ষ হিসেবে উল্লেখ করা হয়। এ দুজনই বিচারকের কাছে দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেছেন, গত ৩১ জানুয়ারি ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে ফিরছিলেন। এসআই রতনসহ পুলিশের তিন সদস্য ওই ছাত্রীর রিকশার গতিরোধ করেন। পরে ওই ছাত্রীকে একটি দোকানে নিয়ে এসআই রতন হেনস্তা করেন।
গত মাসে পুলিশের দুজন কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে নিপীড়নের অভিযোগ ওঠে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে চা-দোকানি বাবুল মাতবরকে জ্বলন্ত চুলায় ফেলে পুড়িয়ে মারার ঘটনায় মিরপুরের শাহ আলী থানার তৎকালীন ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পায় পুলিশেরই গঠিত দুটি তদন্ত কমিটি।