বরখাস্ত এসআই রতনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এর আগে তিনি এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাঁকে হেনস্তা করার অভিযোগ এনেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ওই এসআই রতনকে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

আজ সোমবার বেলা একটার দিকে ওই ছাত্রী ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দিন আহমেদের আদালতে মামলা করেন। বিচারক ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেন। আদালত বিষয়টি আদেশের জন্য রেখেছেন।

জবানবন্দিতে ওই ছাত্রী আদালতকে বলেন, গতকাল মোহাম্মদপুরের একটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষে বেলা তিনটায় রিকশায় করে ফেরার পথে শিয়া মসজিদের সামনে আদাবর থানার এসআই রিকশা থামিয়ে তাঁকে নামতে বলেন। এ সময় রতনের সঙ্গে দুই কনস্টেবল ছিল। এরপর তাঁকে একটি দোকানে ঢুকতে বলেন ওই এসআই। ঢোকার পর এসআই রতন তাঁর (ছাত্রী) কাছে ২০০ পিস ইয়াবা আছে বলে দাবি করেন। দোকান থেকে সবাইকে বের করে দিয়ে প্রায় এক ঘণ্টা যাবৎ​ ওই দোকানে তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়। তাঁর জ্যাকেট খুলতে বলা হয় ও নানা ধরনের কটূক্তি করেন। ওই ছাত্রী বলেন, ‘আমি বারবারই বলছিলাম, আপনি আমাকে সার্চ করতে পারেন না। সার্চ করতে হলে আমাকে থানায় নিয়ে চলেন। তখন ওই এসআই উত্তেজিত হয়ে যায়। এভাবেই আমাকে শ্লীলতাহানি করে। আমি ন্যায়বিচার চাই।’

ওই ছাত্রীর পক্ষে মামলা পরিচালনা করছেন আইনজীবী হাসানুজ্জামান হেলালী।

এদিকে রতনের বিষয়ে জানতে চাইলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, অভিযোগ ওঠার পর এসআই রতনকে গতকাল রাতে প্রত্যাহার করে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের দপ্তরে সংযুক্ত করা হয়। প্রাথমিক তদন্তের পর আজ রতনকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের তেজগাঁও বিভাগের এই উপকমিশনার আরও বলেন, একজন অতিরিক্ত উপকমিশনারকে অভিযোগ তদন্ত করে আজ দুপুর ১২টার মধ্যে মৌখিকভাবে জানাতে বলা হয়েছিল। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনি জানিয়েছেন, গতকাল বেলা তিনটার দিকে শিয়া মসজিদ মোড়ে ওই ছাত্রীকে রিকশা থেকে নামিয়ে প্রায় ১০ মিনিট কথা বলেছেন এসআই রতন। এ সময় তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখেছেন আশপাশের লোকজন। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা কেউ বলতে পারেননি। ওই ছাত্রীর বিরুদ্ধে কোনো পরোয়ানা ছিল না। তা ছাড়া তাঁকে তল্লাশির জন্য নারী পুলিশেরও প্রয়োজন ছিল—এসব বিষয় বিবেচনায় নিয়ে আজ তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মাসে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী ও সিটি করপোরেশনের পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে নিপীড়নের অভিযোগের সুরাহা হওয়ার আগেই পুলিশের বিরুদ্ধে আরেকটি অভিযোগ উঠল।

অভিযোগের বিষয়ে রতন কুমার দাবি করেন, ওই ছাত্রীর স্বামী যুবদলের একজন নেতা। তিনি গত বছর গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু মামলার কাগজপত্রে তিনি যে ঠিকানা দিয়েছেন, তা ভুল ছিল। এরপর গতকাল টহল ডিউটি পালনের সময় ওই ছাত্রীকে থামিয়ে তাঁর স্বামীর কথা জানতে চান তিনি।