এসআই স্বামীকে গ্রেপ্তারের দাবি পরিবারের সদস্যদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদরের নান্দিনা এলাকার গৃহবধূ সেলিনা আফরোজ হত্যা মামলার আসামি পুলিশের উপপরিদর্শক (এসআই) এ জেড মনিরুজ্জামানসহ সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সেলিনার বাবা মো. ইছমাইল হোসেন। গতকাল রোববার সকালে জামালপুর শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ জেড মনিরুজ্জামান সেলিনার স্বামী। সংবাদ সম্মেলনে ইছমাইল হোসেন বলেন, এসআই মনিরুজ্জামান ২৪ মার্চ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে দেশে ফেরেন। তাঁর বাড়ি ময়মনসিংহ শহরের সানকিপাড়ায়। তিনি দেশে ফিরে স্ত্রী সেলিনার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না পেয়ে মনিরুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যরা ২৪ এপ্রিল সকালে ময়মনসিংহের বাসায় সেলিনা আফরোজকে হত্যা করেন। সেলিনার লাশ ময়মনসিংহের খাগডহর এলাকায় রেললাইনের ওপর ফেলে রাখেন। এখন তাঁরা সেলিনা আত্মহত্যা করেছেন বলে অপপ্রচার চালাচ্ছেন। ইছমাইল হোসেন আরও বলেন, সেলিনা হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ এপ্রিল মনিরুজ্জামান, তাঁর মা মনোয়ারা বেগম, ভাই মাসুদ, মামুন ও বোন জেসমিন নাহারকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। এসআই মনিরুজ্জামান বর্তমানে চট্টগ্রামে কর্মরত আছেন। তিনি পুলিশের লোক হওয়ায় ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ মামলাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে এসআই মনিরুজ্জামানের পক্ষে তাঁর ছোট বোন জেসমিন নাহার ১৭ মে সকালে জামালপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা অবস্থায় তাঁর ভাই সেলিনা আফরোজের কাছে ২০ লাখ টাকা পাঠান। সেই টাকার হিসাব না দিতে পারায় সেলিনা ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন।