এসআই স্বামীকে গ্রেপ্তারের দাবি স্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়ন্ত্রণকক্ষের উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমানের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেছেন তাঁর স্ত্রী মোসাম্মৎ আমেনা।

গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার কথা জানান মোসাম্মৎ আমেনা। তিনি বলেন, জাহিদুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। কিন্তু পুলিশ তাঁকে ধরছে না।

আমেনা লিখিত বক্তব্যে বলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুরি গ্রামের বাসিন্দা এসআই জাহিদুর রহমান আগে বিয়ে করলেও সেই তথ্য গোপন করে ২০১৪ সালের ১৪ জুন তাঁকে বিয়ে করেন। পরে তিনি তা জানতে পারেন। কিছুদিন না যেতেই জাহিদুর যৌতুকের জন্য তাঁকে মারধর করেন। সংসার টিকিয়ে রাখতে তিনি মা-বাবার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা যৌতুক এনে জাহিদুরকে দেন। এর কিছুদিন পর আবারও ১০ লাখ টাকা যৌতুক চান জাহিদুর। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় জাহিদুর তাঁকে মারধর করে নাক-মুখ ফাটিয়ে দেন। গত ২ জুন জাহিদুর তাঁর ব্যবহৃত পাঁচ ভরি স্বর্ণালংকার রেখে দিয়ে তাঁকে বাসা থেকে বের করে দেন। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। ৪ জুলাই তিনি নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে জাহিদুর ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। ২৪ জুন তাঁর (আমেনা) দ্বিতীয় কন্যাসন্তান জন্ম নেয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, জাহিদুর তাঁর প্রথম স্ত্রীকে নিয়ে খিলগাঁওয়ের তালতলার ঝিলপাড়ে থাকেন।

আমেনা বলেন, আদালত জাহিদুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তা তামিলের জন্য খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠান। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।

আমেনা বলেন, তিনি জাহিদুরের সঙ্গে সংসার করতে চান। কিন্তু জাহিদুর তাঁদের খাওয়ার ও চলার টাকা দিচ্ছেন না। এ অবস্থায় দুই শিশুসন্তান নিয়ে তিনি মানবেতর দিন কাটাচ্ছেন। অন্যদিকে জাহিদুর তাঁকে হুমকি দিয়ে বলেছেন, মামলার ভয় তিনি করেন না, কারণ পুলিশ তাঁকে ধরবে না।

জানতে চাইলে খিলগাঁও থানার ওসি মো. মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এসআই জাহিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কাগজ থানায় পৌঁছায়নি। গ্রেপ্তারি পরোয়ানার কাগজ হাতে পাওয়ার পর তিনি গ্রেপ্তারের পদক্ষেপ নেবেন।

সংবাদ সম্মেলনে আমেনার মা শাহিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমেনার এক বছর দুই মাস ও ২৭ দিনের দুই কন্যাসন্তানকে আমরা দেখাশোনা করছি। স্বামীর সামান্য আয় দিয়ে আমাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। দুধের জন্য যখন দুই নাতনি কান্নাকাটি করে, তখন চোখের পানি ফেলা ছাড়া কিছুই করার থাকে না। দয়া করে কেউ টাকা দিলে তা দিয়ে ওদের দুধ কিনে দেওয়া হয়।’

এ ব্যাপারে বক্তব্য জানতে উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

জাহিদুর এক সময় সবুজবাগ থানায় ছিলেন। গতকাল দুপুরে যোগাযোগ করা হলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সবুজবাগ থানায় থাকাকালে এসআই জাহিদুরের বিরুদ্ধে অপরাধ তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ ওঠে। এর প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁকে সে সময় সাময়িক বরখাস্ত করা হয়েছিল।