এসআইকে অপসারণের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার এক পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে। পরিবহনশ্রমিকেরা ওই এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে তাঁকে অপসারণের এ দাবি জানান।
পরিবহনশ্রমিকেরা বলেন, দুই মাস আগে বিশ্বরোড মোড় হাইওয়ে থানায় উপপরিদর্শক (এসআই) রাম প্রসাদ ঘোষ যোগ দেন। এরপর থেকে তিনি যানবাহনের শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছেন। প্রতি মাসে ৫০০ টাকা চাঁদা না দিলে রাম প্রসাদ শ্রমিকদের নানাভাবে হয়রানি করেন। গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় পণ্যবিহীন একটি ট্রাকের বিরুদ্ধে রাম প্রসাদ মামলা করেন। সাড়ে ১২টার দিকে ট্রাকটির চালক সেলিম মিয়া ও তাঁর সহযোগী জামাল মিয়া হাইওয়ে থানায় গেলে রাম প্রসাদ ঘোষ তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। কিছুক্ষণ পর ট্রাকটির মালিক মাহফুজ মিয়া থানায় গেলে তাঁকেও নাজেহাল করা হয়।
চালক সেলিম মিয়া বলেন, ৫০০ টাকা চাঁদা না দেওয়ায় রাম প্রসাদ ঘোষ মামলা করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, বেলা একটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে শতাধিক ট্রাকশ্রমিক মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিশ্বরোড মোড় এলাকার অন্যান্য পরিবহনের কয়েক শ শ্রমিক তাঁদের সঙ্গে যুক্ত হন। এতে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের তিন দিকে যানজটের সৃষ্টি হয়। পরে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হক, সদর থানার ওসি মাঈনুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘তাঁর (রাম প্রসাদ ঘোষ) চাঁদাবাজির বিরুদ্ধে হাইওয়ে থানায় মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। প্রতিকার পাইনি। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে অপসারণের ব্যাপারে আশ্বাস দিয়েছে।’
এসআই রাম প্রসাদ ঘোষ বলেন, ‘ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে দায়িত্ব পালন করেছি। এ জন্য শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছে।’
সরাইল থানার পরিদর্শক আবদুল হক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রাম প্রসাদ ঘোষের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।